মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২১৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২১৫. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ অনেক দু'আ করলেন, যার কিছুই আমি মনে রাখতে পারলাম না। তখন আমি তাঁর খিদমতে আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! কত দু'আই তো আপনি করলেন, কিন্তু তার কোন কিছুই আমি স্মরণ রাখতে পারি নি! (অথচ আমার মন চায় যে, এ দু'আগুলো আমিও করবো এখন উপায় কি?) তখন তিনি বললেন: আমি কি তোমাকে এমন ব্যাপক দু'আ শিক্ষা দেবো, যাতে এসব দু'আর সবকিছুই থাকবে? আল্লাহ তা'আলার দরবারে এভাবে আরয করবে:

اَللّٰهُمَّ إِنَّا نَسْئَلُكَ مِنْ خَيْرٍ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلَاغُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةً اِلَّا بِاللّٰه

-"হে আল্লাহ! আমি তোমার দরবারে সে সব মঙ্গলের প্রার্থনা করছি, যা তোমার কাছে তোমার নবী মুহাম্মদ ﷺ প্রার্থনা করেছেন এবং আমি তোমার কাছে সে সব অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি, যে সব অনিষ্ট থেকে তোমার নবী মুহাম্মদ ﷺ তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করেছেন।

তুমিই সেই পবিত্র সত্তা, যাঁর কাছে সাহায্য প্রার্থনা করা চলে এবং তোমারই দয়ার উপর নির্ভর করে গন্তব্য স্থলে পৌঁছা এবং কোন কিছুর জন্যে চেষ্টা চরিত করা এবং লক্ষ্যে উপনীত হওয়ার ক্ষমতা দানের মালিক তুমিই।"
-(তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: دَعَا النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِدُعَاءٍ كَثِيرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ دَعَوْتَ بِدُعَاءٍ كَثِيرِ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا، فَقَالَ: " أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَجْمَعُ ذَلِكَ كُلَّهُ، تَقُولُ: اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنْتَ المُسْتَعَانُ، وَعَلَيْكَ البَلَاغُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ " (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ায় এমন লোকের সংখ্যাই বেশি, রাসূলুল্লাহ ﷺ-এর বাতানো দু'আগুলো মুখস্থ রাখার ক্ষমতা যাঁদের রয়েছে। এ জন্যে এ হাদীসে অত্যন্ত সহজভাবে বলে দেয়া হয়েছে যে, তারা যেন আল্লাহর কাছে এরূপ দু'আ করে:

اَللّٰهُمَّ إِنَّا نَسْئَلُكَ مِنْ خَيْرٍ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ

"হে আল্লাহ! তোমার নবী মুহাম্মদ ﷺ তোমার দরবারে যে সব মঙ্গলের প্রার্থনা করেছেন, আমাকে সে সব মঙ্গল দান কর আর যে সব অমঙ্গল থেকে তিনি তোমার আশ্রয় প্রার্থনা করেছেন, সে সব অনিষ্ট থেকে তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করছি।" অধম লেখকের আরয হচ্ছে, এ কথাগুলো নিজের মাতৃভাষায় বলাতেও কোন দোষ নেই। তবে আল্লাহ তা'আলার দরবারে অন্তর থেকে দু'আ করা চাই। আসলে দু'আ পদবাচ্য কেবল তাই, যা অন্তর থেকে উৎসারিত হয়ে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান