মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৩৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৪. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ لَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَلَا تَنْزِعْ مِنِّي صَالِحَ مَا أَعْطَيْتَنِي
-"হে আল্লাহ! আমাকে এক পলকের জন্যেও আমার নফস বা প্রবৃত্তির হাতে ছেড়ে রেখো না এবং উত্তম যা কিছুই আমাকে দান করেছো (তা উত্তম আমল হোক চাই তা উত্তম অবস্থাই হোক) তা আমার নিকট থেকে ছিনিয়ে নিও না।"
-(মুসনাদে বায্যার)
کتاب الاذکار والدعوات
عن ابن عمر (مَرْفُوْعًا) "اللهم لا تكلني إلى نفسي طرفة عين، ولا تنزع عني صالح ما أعطيتني".(رواه البزار)

হাদীসের ব্যাখ্যা:

বান্দার কাছে যা কিছুই কল্যাণকর রয়েছে তার সবটা আল্লাহরই দান। আল্লাহ তা'আলা যদি একটি মুহূর্তের জন্যেও তাঁর দয়ার দৃষ্টি তুলে নেন এবং বান্দাকে তার নফসের হাতে ছেড়ে দেন তা হলে সে দীন-হীন-রিক্ত হয়ে যাবে। এজন্যে প্রতিটি আল্লাহ ওয়ালা বান্দার অন্তরের ধ্বনি হয়ঃ হে আল্লাহ! একটি মুহূর্তের জন্যেও তুমি আমাকে আমার নফসের হাওয়ালা করে দিওনা। অহরহ তুমি আমার দেখাশোনা কর এবং আমার প্রতি অনুক্ষণ তোমার সদয় দৃষ্টি রাখ!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান