মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৩২
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের তাকীদ আর এ কাজে ত্রুটির ওপর শক্ত হুঁশিয়ারী
৩২. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে উম্মতগণ! সেই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, তোমাদের কর্তব্য 'আমর বিল মারূফ ও নাহী আনিল মুনকার-এর দায়িত্ব পালন করতে থাকা। (অর্থাৎ উত্তম কথা ও নেকীর কাজে লোকজনকে হিদায়াত ও তাকীদ দিতে থাক আর মন্দ কথা ও মন্দ কাজ হতে তাদেরকে বিরত রাখ) অথবা এরপর এরূপ হবে যে, (এ ব্যাপারে তোমাদের ত্রুটির কারণে) আল্লাহ্ তোমাদের প্রতি তাঁর কোন শাস্তি প্রেরিত করবেন, তোমরা দু'আ করবে আর তোমাদের দু'আ কবুল করা হবে না। (জামি' তিরমিযী)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ حُذَيْفَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِذَابًا مِنْ عِنْدِهِ ثُمَّ لَتَدْعُنَّهُ وَلاَ يُسْتَجَابُ لَكُمْ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে স্পষ্ট শব্দাবলিতে সংবাদ দিয়েছেন যে, 'আমর বিল মারূফ ওয়া নাহী আনিল মুন্কার' আমার উম্মতের এরূপ গুরুত্বপূর্ণ কর্তব্য, যখন এটা পালন করতে গাফলত ও ত্রুটি হবে তখন আল্লাহ্ তা'আলার নিকট হতে তাকে কোন ফিতনা ও আযাবে নিয়োজিত করা হবে। এরপর যখন দু'আকারী এই শাস্তি ও ফিতনা থেকে মুক্তির দু'আ করবে তখন তার দু'আও কবুল হবে না।

এই অধমের নিকট এতে মোটেই সন্দেহের অবকাশ নেই যে, শতাব্দী থেকে এই উম্মত রকমারী যে ফিতনা ও শাস্তিতে লিপ্ত এবং উম্মতের উত্তম লোকদের দু'আ, অনুনয়-বিনয় সত্ত্বেও শাস্তি থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না, এর বড় কারণ এটাই যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্ তা'আলার নির্দেশে উম্মতকে 'আমর বিল মা'রূফ ওয়া নাহী আনিল মুনকার-এর যে দায়িত্ব অর্পণ করেছিলেন, আর এ ব্যাপারে যে তাকীদপূর্ণ নির্দেশাবলি দিয়েছিলেন, এর যে সাধারণ নীতিমালা প্রতিষ্ঠা করেছিলেন তা শতাব্দী থেকে প্রায় অকেজো। উম্মতের সামগ্রিক সংখ্যায় এই অপরিহার্য দায়িত্ব পালনকারী হাজারে একজনও নেই। বস্তুত এটা সেই অবস্থার নমুনা যে ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় বাণীসমূহের মাধ্যমে স্পষ্ট সংবাদ দিয়েছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান