মা'আরিফুল হাদীস

কিয়ামতের আলামতসমূহ অধ্যায়

হাদীস নং: ৮৩
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
হযরত মাহদীর আগমন, তাঁর মাধ্যমে অনুষ্ঠিতব্য বিপ্লব

এ বিষয় সম্পর্কিত যেসব হাদীস ও বর্ণনা কোন পর্যায়ে নির্ভরযোগ্য, সেগুলোর মোদ্দাকথা হচ্ছে, এ জগতের শেষ ও কিয়ামতের পূর্বে শেষ যুগে, সে যুগের রাষ্ট্রীয় কর্ণধারদের পক্ষ হতে মুসলিম উম্মতের ওপর এরূপ কঠিন ও ভয়ানক অত্যাচার হবে যে, আল্লাহর প্রশস্ত যমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে পড়বে। সবদিকে অত্যাচারের যুগ হবে। তখন আল্লাহ্ তা'আলা এই উম্মত হতে (কোন কোন বর্ণনা মুতাবিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বংশ হতে) এক মুজাহিদকে দাঁড় করাবেন। তাঁর চেষ্টা-প্রচেষ্টার ফলে এরূপ বিপ্লব সাধিত হবে যে, দুনিয়া থেকে অত্যাচার অবিচার খতম হবে। চারদিকে ন্যায় ও ইনসাফের যুগ চালু হবে। তখন আল্লাহ্ তা'আলার নিকট হতে অসাধারণ বরকতসমূহ প্রকাশ পাবে। আসমান থেকে প্রয়োজন অনুযায়ী ভরপুর বৃষ্টি হবে এবং যমিন থেকে অস্বাভাবিক ও প্রাকৃতিকরূপে ফসল উৎপন্ন হবে।

যে মুজাহিদ ব্যক্তির মাধ্যমে আল্লাহ তা'আলা এ বিপ্লব ঘটাবেন (কোন কোন বর্ণনা মুতাবিক তাঁর নাম মুহাম্মদ, তাঁর পিতার নাম আবদুল্লাহ্ হবে। মাহদী তাঁর উপাধী হবে।) আল্লাহ্ তা'আলা তাঁর থেকে লোকদের হিদায়াতের কাজ গ্রহণ করবেন।

এই সংক্ষিপ্ত ভূমিকার পর এ ধারাবাহিকতায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীসমূহ সম্মানিত পাঠকবৃন্দ পাঠ করুন।
৮৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন (শেষ যুগে) আমার উম্মতের ওপর তাদের রাষ্ট্রীয় কর্ণধার থেকে কঠিন বিপদ পতিত হবে, এমনকি আল্লাহর প্রশস্ত যমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। তখন আল্লাহ্ তা'আলা আমার বংশ থেকে এক ব্যক্তিকে দাঁড় করাবেন। তাঁর চেষ্টা-প্রচেষ্টায় এরূপ বিপ্লব সাধিত হবে যে, যেভাবে অন্যায়-অত্যাচারে আল্লাহর যমিন পরিপূর্ণ হয়েছিল সেভাবে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ হবে। আসমানের বাসিন্দা তার প্রতি সন্তুষ্ট হবে এবং যমিনের বাসিন্দাও। যমিনে যে বীজ ফেলা হবে, তা যমিন আঁকড়ে রাখবে না বরং তা থেকে যে চারা উৎপন্ন হওয়ার ছিল উৎপন্ন হবে। (বীজের একটি দানাও নষ্ট হবে না) এভাবে আসমান বৃষ্টির ফোঁটা আটকিয়ে রাখবে না, বরং তা বর্ষিত করবে (অর্থাৎ প্রয়োজন অনুযায়ী পরিপূর্ণ বৃষ্টি হবে) আর সেই মুজাহিদ ব্যক্তি মানুষের মধ্যে সাত বছর কিংবা আট বছর অথবা নয় বছর জীবনযাপন করবেন। (মুসতাদরাকে হাকীম)(১)
کتاب علاماتِ قیامت
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَنْزِلُ بِأُمَّتِي بَلَاءٌ شَدِيدٌ مِنْ سُلْطَانِهِمْ، حَتَّى يَضِيقَ الْأَرْضُ عَنْهُمُ، فَيَبْعَثُ اللَّهُ عَزَّ وَجَلَّ رَجُلًا مِنْ عِتْرَتِي، فَيَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا، كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا، يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الْأَرْضِ، لَا تَدَّخِرُ الْأَرْضُ شَيْئًا مِنْ بَذْرِهَا إِلَّا أَخْرَجَتْهُ، وَلَا السَّمَاءُ مِنْ قَطْرِهَا إِلَّا صَبَّتْهُ، وَيَعِيشُ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانَ سِنِينَ أَوْ تِسْعًا. (رواه الحاكم فى المستدرك)

হাদীসের তাখরীজ (সূত্র):

টিকা: ১. কানযুল উম্মাল কিয়ামত অধ্যায়

হাদীসের ব্যাখ্যা:

প্রায় অনুরূপ বিষয়ের এক হাদীস হযরত কুররা মুযানী (রা) থেকে বর্ণনা করা হয়েছে। তাতে এটা অতিরিক্ত রয়েছে اسمه اسمى واسم أبيه اسم أبي তাঁর নাম আমার নামীয় (মুহাম্মদ) হবে, আর তাঁর পিতার নাম আমার পিতার নাম অনুযায়ী (আব্দুল্লাহ্ হবে)। আলোচ্য হাদীস তাবারানী মু'জামে কবীর ও মুসনাদে বায্যারের বরাতে কানযুল উম্মালে উদ্ধৃত করা হয়েছে। এই উভয় হাদীসে মাহদী শব্দ নেই, তবে অন্যান্য বর্ণনার আলোকে হযরত মাহদী নির্দিষ্ট হয়ে যান। তাঁর নাম মুহাম্মদ, উপাধী হবে মাহদী।

আলোচ্য হাদীসে হযরত মাহদীর রাষ্ট্রীয় যুগ সাত অথবা আট কিংবা নয় বছর বর্ণনা করা হয়েছে। তবে হযরত আবু সাঈদ খুদরী (রা)-এরই অন্য এক বর্ণনায় যা সুনানে আবু দাউদের বরাতে সামনে বর্ণনা করা হবে, তাঁর রাষ্ট্রীয় যুগ কেবল সাত বছর বর্ণনা করা হয়েছে। সম্ভবত উপরোক্ত বর্ণনায় যে সাত, আট কিংবা নয় বছর রয়েছে তা বর্ণনাকারীর সন্দেহ হয়ে থাকবে। আল্লাহই ভাল জানেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান