মা'আরিফুল হাদীস
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
হাদীস নং: ৮৪
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
হযরত মাহদীর আগমন, তাঁর মাধ্যমে অনুষ্ঠিতব্য বিপ্লব
৮৪. হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দুনিয়া তখন পর্যন্ত শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত না আমার বংশের এক ব্যক্তি আরবের মালিক ও শাসক হবে। আর তার নাম আমার নাম অনুযায়ী (অর্থাৎ মুহাম্মদ) হবে। (তিরমিযী)
کتاب علاماتِ قیامت
عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَمْلِكَ الْعَرَبَ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে মাহদী শব্দ নেই কিন্তু উদ্দেশ্য হযরত মাহদীই। সুনানে আবূ দাউদে হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-এরই এক বর্ণনায় এটা অতিরিক্ত এসেছে যে, তার পিতার নাম আমার পিতার নাম অনুযায়ী (অর্থাৎ আবদুল্লাহ) হবে। বস্তুত এটাও অতিরিক্ত রয়েছে যে, يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا তিনি আল্লাহর যমিনকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন, যে ভাবে প্রথমে তা অত্যাচার ও বেইনসাফী দ্বারা পরিপূর্ণ ছিল। সুনানে আবু দাউদের সেই বর্ণনা থেকে এবং হযরত মাহদী সম্পর্কিত অন্যান্য বর্ণনা দ্বারা জানা যায় যে, তাঁর শাসন পূর্ণ দুনিয়ায় হবে। সুতরাং জামি' তিরমিযীর ব্যাখ্যাধীন বর্ণনায় আরবের ওপর যে শাসনের উল্লেখ করা হয়েছে, তা সম্ভবত এ ভিত্তিতেই যে, তাঁর রাষ্ট্রের মূল কেন্দ্র আরবেই হবে। পরে পূর্ণ দুনিয়া তাঁর রাষ্ট্রের আওতায় এসে যাবে। (আল্লাহই অধিক জানেন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)