মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৪১
- পাক-পবিত্রতার অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের সুন্নত নিয়ম
৫৪১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি মৃত লোককে গোসল করাবে সে যেন নিজেও গোসল করে। -ইবনে মাজাহ। আহমদ, তিরমিযী ও আবু দাউদ অতিরিক্ত এটি যোগ করেছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে বহন করবে সে যেন অজু করে নেয়।
كتاب الطهارة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَسَّلَ مَيِّتًا فَلْيَغْتَسِلْ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
وَزَادَ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ: «وَمَنْ حمله فَليَتَوَضَّأ»
وَزَادَ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ: «وَمَنْ حمله فَليَتَوَضَّأ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে যে বিধান রয়েছে তা প্রাজ্ঞ আলিমদের মতে মুস্তাহাব। এজন্যই তাঁদের মতে মৃতকে গোসল দানকারীর উচিৎ মৃতকে গোসল দানের পর গোসল করে নেয়া। কারণ মৃতকে গোসল দানের সময় তার শরীরে ছিটেফোটা লেগে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। অন্য একটি হাদীস ইমাম বায়হাকী (র) হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। উক্ত হাদীসে মৃতকে গোসল দানের পর গোসলদাতার গোসল ওয়াজিব নয় বলে উল্লেখ রয়েছে। এজন্য আলিমগণ মৃতকে গোসল দানের পর গোসল করাকে মুস্তাহাব বলেছেন। অনুরূপভাবে হাদীসের দ্বিতীয় অংশে জানাযা বহনকারীর জন্য ওযু করার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটাও মুস্তাহাব পর্যায়ের হুকুম। আর এই নির্দেশের উদ্দেশ্য সম্ভবত এই যে, জানাযা বহনকারী ব্যক্তি যেন পূর্ব থেকেই ওযু করে জানাযার নামায পড়ার জন্য প্রস্তুত থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)