মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭১৮
- নামাযের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭১৮। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, মসজিদসমূহকে অধিক উচ্চ এবং সুন্দর সুসজ্জিতরূপে নির্মাণ করতে আমি আদিষ্ট হই নি। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, (কিন্তু দুঃখের বিষয়) তোমরা তাকে (স্বর্ণ-রৌপ্য) খচিত চাকচিক্যময় করে নির্মাণ করবে, যেভাবে ইয়াহুদী-নাছারারা (তাদের গির্জাসমূহকে) করেছে। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَمَرْتُ بِتَشْيِيدِ الْمَسَاجِدِ» . قَالَ ابْنُ عَبَّاسٍ: لَتُزَخْرِفُنَّهَا كَمَا زَخْرَفَتِ الْيَهُود وَالنَّصَارَى. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এর বাণী-"আমি মসজিদকে চাকচিক্যময় করতে আদিষ্ট হই নি।" এর মর্ম হচ্ছে এই যে, মসজিদের বাহ্যাড়ম্বর ও চাকচিক্য অবস্থা কোন প্রশংসনীয় কাজ নয়। বরং মসজিদ সাদাসিধে করে নির্মাণ করাই সমীচীন। এ হাদীসে হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) উম্মাতের ব্যাপারে যে মন্তব্য করেছেন। তার কারণ হয়ত এই যে, তিনি কোন এক সময় নবী ﷺ এর নিকট থেকে এ বিষয় শুনে থাকবেন। ইমাম ইবনে মাজাহ (র) ইবনে আব্বাস (রা) সূত্রে নিম্নবর্ণিত হাদীসটি রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন-"আমরা দেখতে পাচ্ছি এমন এক সময় আসবে যখন (আমি তোমাদের মধ্যে থাকব না) তোমরা তোমাদের মসজিদগুলোকে চাকচিক্যময় করে তুলবে যেমনিভাবে ইয়াহুদীরা তাদের উপাসনালয় ও খ্রিস্টানরা তাদরে গির্জা আড়ম্বরপূর্ণ ও চাকচিক্যময় করে থাকে।"

আবার এটাও সম্ভব যে হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) মুসলমানদের মেযাজ, মন-মানসিকতা ও জীবন পদ্ধতির পরিবর্তন লক্ষ্য করে এরূপ ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে তার ভবিষ্যদ্বাণী যে অবস্থার প্রেক্ষিতেই হোক না কেন তা পরবর্তীতে অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণিত হয়েছে। কেননা উপমহাদেশে আমরা এমন সব চাকচিক্যময়পূর্ণ মসজিদ দেখতে পাই যার সাথে ইয়াহুদী-নাসারাদের উপাসনালয়ের কোন তুলনাই হয় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান