মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৪২
- যাবতীয় দোয়া-যিক্‌র
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৪২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিন যখন কোন গোনাহ্ করে তাহার অন্তরে একটি কাল দাগ পড়ে। অতঃপর যদি সে তওবা করে ও ক্ষমা চাহে, তাহার অন্তর সাফ হইয়া যায়, আর যদি গোনাহ্ বেশী হয় দাগও বেশী হয়, অবশেষে উহা তাহার অন্তরের উপর ছাইয়া যায়—ইহাই সেই মরিচা যাহার উল্লেখ আল্লাহ্ তা'আলা আপন কালামে করিয়াছেনঃ “কখনই না; বরং তাহাদের অন্তরে মরিচাস্বরূপ লাগিয়াছে যাহা তাহারা বরাবর উপার্জন করিয়াছে।" (সূরা মুতাফ্ফিফীন।)
(আহমদ, তিরমিযী, ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ)
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِ الْمُؤْمِنَ إِذَا أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِي قَلْبِهِ فَإِنْ تَابَ وَاسْتَغْفَرَ صُقِلَ قَلْبُهُ وَإِنْ زَادَ زَادَتْ حَتَّى تَعْلُوَ قَلْبَهُ فَذَلِكُمُ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ تَعَالَى (كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يكسِبونَ)

رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح

হাদীসের ব্যাখ্যা:

অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে:-
كَلَّا بَلْ رَانَ عَلٰى قُلُوبِهِمْ مَّا كَانُوا يَكْسِبُونَ
"তাদের মন্দকর্মের দরুন তাদের অন্তরসমূহে মরিচা পড়ে গিয়েছে।"
রাসূলুল্লাহ ﷺ-এর উপরে বর্ণিত হাদীস থেকে জানা গেল যে, পাপাচারের দরুন কেবল কাফিরদেরই নয় বরং মুসলমানও যখন কোন পাপকর্ম করে তখন তার অন্তর গুনাহের কালিমার দ্বারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কিন্তু সে যদি সাচ্চা দেলে তাওবা ইস্তিগফার করে নেয় তা হলে সে কালিমা ও অন্ধকার দূরীভূত হয়ে যায় এবং দেল পূর্বের মতই স্বচ্ছ ও নূরানী হয়ে যায়। কিন্তু সে বান্দা যদি গুনাহ করার পর তাওবা ও ইস্তিগফার না করে পাপাচার ও নাফরমানীর পথে আরো অগ্রসর হতে থাকে, তা হলে সে অন্ধকাররাশি আরো বৃদ্ধি ও ঘণীভূত হতে থাকে, এমন কি এক পর্যায়ে তার গোটা অন্তরকে তা আচ্ছন্ন করে ফেলে। কোন মুসলমানের জন্যে এটা নিঃসন্দেহে চরম দুর্ভাগ্যের ব্যাপার যে, গুনাহরাশির অন্ধকারে তার অন্তর আচ্ছন্ন হয়ে যাবে। أَعَاذَنَا اللّٰهُ مِنْهُ আল্লাহ তা'আলা আমাদেরকে তা থেকে রক্ষা করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান