মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৫৩
- যাবতীয় দোয়া-যিক্র
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৫৩। নবী করীম (ﷺ)-এর আযাদকৃত গোলাম যায়দের পুত্র ইয়াসার, তাহার পুত্র বেলাল বলেন, আমার পিতা আমার দাদার মাধ্যমে বলেন যে, আমার দাদা যায়দ বলিয়াছেন, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছেন, যে ব্যক্তি বলিল—'আস্তাগফিরূল্লাহাল্লাযী, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যূম, ওয়া আতূবু ইলাইহি’—“আমি আল্লাহর নিকট ক্ষমা চাহি, যিনি ব্যতীত কোন মা'বূদ নাই, যিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠাতা এবং তাঁহার নিকট তওবা করি ” – আল্লাহ্ তাহাকে ক্ষমা করিবেন যদিও সে জেহাদের ছফ হইতে পলায়ন করিয়া থাকে। – তিরমিযী ও আবু দাউদ। তবে আবু দাউদ বলেন, বর্ণনা কারীর নাম হইল হেলাল ইবনে ইয়াসার। (অর্থাৎ বেলালের পরিবর্তে হেলাল।) তিরমিযী বলেন, হাদীসটি গরীব।
كتاب الدعوات
وَعَن بِلَال بن يسَار بن زيدٍ مَوْلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ قَالَ: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ غُفِرَ لَهُ وَإِنْ كَانَ قَدْ فَرَّ مِنَ الزَّحْفِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ لَكِنَّهُ عِنْدَ أَبِي دَاوُدَ هِلَالُ بْنُ يَسَارٍ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
প্রাণ রক্ষার্থে জিহাদের ময়দান থেকে পলায়ন করা জঘন্যতম কবীরা গুনাহগুলোর অন্যতম। কিন্তু এতদসত্ত্বেও এ হাদীসে বলা হয়েছে যে, এমন জঘন্যতম গুনাহর অপরাধে অপরাধী ব্যক্তিও যদি এ শব্দমালা যোগে আল্লাহ তা'আলার দরবারে তাওবা-ইস্তিগফার করে, তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হবে। বলা বাহুল্য, এমনতর কথা রাসূলুল্লাহ ﷺ ওহী ও ইলহাম ব্যতিরেকে বলতেই পারেন না। এজন্যে বুঝে নিতে হবে যে, গুনাহগারদের জন্যে ক্ষমা প্রার্থনার এ শব্দমালা স্বয়ং আল্লাহ তা'আলার পক্ষ থেকেই শিক্ষা দেওয়া হয়েছে এবং এ শব্দমালার মাধ্যমে ক্ষমা প্রার্থনাকারীদের বড় বড় গুনাহ মাফ করে দেওয়ার নিশ্চিত ওয়াদা বরং ফয়সালা করা হয়েছে। কী অপার তাঁর রহমত! কিন্তু মনে রাখতে হবে, ইস্তিগফার কেবল শব্দমালার নাম নয়, আল্লাহর নিকট সত্যিকারের ইস্তিগফার হচ্ছে তাই, যা অন্তরের অন্তঃস্থল থেকে নিঃসৃত হয়ে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)