মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৮৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৮৪। হযরত আবু বকর ইবনে আবী মারইয়াম (রাঃ) হইতে বর্ণিত আছে, হযরত মেকদাম ইবনে মা'দীকারেব (রাঃ)-এর একটি দাসী ছিল—সে দুধ বিক্রি করিত এবং মেকদাম (রাঃ) উহার মূল্য গ্রহণ করিতেন। তাঁহাকে কেহ বলিল, সোবহানাল্লাহ্! আপনি দুধ বিক্রি করিয়া পয়সা লইয়া থাকেন। তিনি বলিলেন, হ্যাঁ— উহাতে কোন দোষ নাই। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি— লোকদের সম্মুখে এমন যুগ আসিবে যখন (হারাম হইতে বাঁচিবার জন্য) টাকা-পয়সা ব্যতিরেকে কোন উপায় থাকিবে না। (সুতরাং হালাল পথে টাকা-পয়সা সঞ্চয়ের গুরুত্ব আছে।) — আহমদ
كتاب البيوع
وَعَن أبي بكرِ بنِ أبي مريمَ قَالَ: كَانَتْ لِمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ جَارِيَةٌ تَبِيعُ اللَّبَنَ وَيَقْبِضُ الْمِقْدَامُ ثَمَنَهُ فَقِيلَ لَهُ: سُبْحَانَ اللَّهِ أَتَبِيعُ اللَّبَنَ؟ وَتَقْبِضُ الثَّمَنَ؟ فَقَالَ نَعَمْ وَمَا بَأْسٌ بِذَلِكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَنْفَعُ فِيهِ إِلَّا الدِّينَارُ وَالدِّرْهَم» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

হযরত মিকদাম ইবনে মা'দী কারাব (রা) থেকে এ হাদীস বর্ণনাকারী আবু বকর ইবনে আবু মারয়াম একজন তাবিঈ। তিনি এ ঘটনা বর্ণনা করেছেন যে, হযরত মিকদাদের নিকট দুগ্ধদানকারী কতক পশু ছিল। তাঁর এক দাসী দুধ বিক্রি করতেন। দুধের দাম স্বয়ং হযরত মিকদাম (রা) নিতেন। এতে কোন কোন লোক অপসন্দনীয়ভাবে বিস্ময় প্রকাশ করে বললেন, আপনি দুধ বিক্রি করান এবং এর মূল্য গ্রহণ করেন। তিনি বললেন, হ্যা, আমি এরূপ করি এবং নিজের কার্য প্রণালীর বৈধতার প্রমাণ স্বরূপ তিনি রাসুলুল্লাহ ﷺ-এর উক্ত বাণীর বরাত দেন। তাঁর উদ্দেশ্য এই ছিল যে, নিজের জিনিস বিক্রি করে টাকা পয়সা অর্জন করা আপত্তিযোগ্য কোন কথা নয়। হজুর ﷺ বলেছেন, এমন সময়ও আসবে যে, টাকা পয়সাই মানুষের কাজে আসবে। অর্থাৎ এ ধারণায়-ই দুধ বিক্রি করিয়ে টাকা পয়সা সংগ্রহ করি। উদ্দেশ্য এই ছিল যে, যদিও এরূপ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই তবে অনুমতি আছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৮৪ | মুসলিম বাংলা