মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৫৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৪। হযরত আবু উমামা (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা আমাকে দুনিয়াবাসীর জন্য রহমত ও বরকত এবং দুনিয়া বাসীর জন্য হেদায়ত ও পথপ্রদর্শক হিসাবে পাঠাইয়াছেন এবং আমার সেই মহাপরাক্রমশালী প্রভু সর্বপ্রকারের ঢোল ও যাবতীয় বাদ্যযন্ত্র, দেব-দেবীর মূর্তিসমূহ, (খৃষ্টানদের) শূলি ও ক্রুশ এবং জাহিলী যুগের বদ রসম ও কুসংস্কার নির্মূল ও ধ্বংস করার জন্য আমাকে নির্দেশ দিয়াছেন। আর আমার মহা পরাক্রমশালী রব—তাঁহার মহাক্ষমতার শপথ করিয়া বলিয়াছেনঃ আমার বান্দাদের যে কোন বান্দা এক ঢোক মদ পান করিবে, আমি নিশ্চয়ই তাহাকে অনুরূপ দোযখীদের পচা পুঁজ পান করাইব। আর যে লোক আমার ভয়ে উহা পান করা বর্জন করিবে, আমি অবশ্যই পবিত্র কূপ হইতে (শরাবে তহুর) তাহাকে পান করাইব। —আহমদ
كتاب الحدود
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ تَعَالَى بَعَثَنِي رَحْمَة للعالمينَ وهُدىً لِلْعَالِمِينَ وَأَمَرَنِي رَبِّي عَزَّ وَجَلَّ بِمَحْقِ الْمَعَازِفِ وَالْمَزَامِيرِ وَالْأَوْثَانِ وَالصُّلُبِ وَأَمْرِ الْجَاهِلِيَّةِ وَحَلَفَ رَبِّي عزَّ وجلَّ: بعِزَّتي لَا يشربُ عبدٌ منْ عَبِيدِي جرعة خَمْرٍ إِلَّا سَقَيْتُهُ مِنَ الصَّدِيدِ مِثْلَهَا وَلَا يَتْرُكُهَا مِنْ مَخَافَتِي إِلَّا سَقَيْتُهُ مِنْ حِيَاضِ الْقُدس . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, এ কয়েকটি সংস্কারমূলক কাজ রাসূলুল্লাহ (ﷺ)কে দুনিয়াতে প্রেরণের বিশেষ উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। মূর্তি ও ক্রুশের বিলোপ সাধন, জাহেলীযুগের জাহেলী প্রথা খতম করা এবং معازف ও مزامير তথা সর্ব প্রকার বাদ্যযন্ত্রের প্রচলনকে দূর করা। معازف বলা হয় সেই সব বাদ্যযন্ত্রকে, যেগুলো হাত দিয়ে বাজানো হয়। যেমন, ঢোলক, তবলা, সেতার ও সারেঙ্গী ইত্যাদি। আর مزامير হচ্ছে ঐসব বাদ্যযন্ত্র যা মুখ দ্বারা বাজানো হয়। যেমন, শানাই, বাঁশী ইত্যাদি।

এ হাদীস থেকে জানা গেল যে, এসব বাদ্যযন্ত্র প্রকৃতপক্ষে খেল-তামাশা ও পাপাচারের যন্ত্র এবং দুনিয়া থেকে এগুলোর প্রচলনকে বিলুপ্ত করা রাসূলুল্লাহ (ﷺ)-এর ঐ বিশেষ কাজসমূহের অন্তর্গত, যেগুলোর জন্য তিনি প্রেরিত হয়েছেন এবং আল্লাহ তা'আলার পক্ষ থেকে এ ব্যাপারে আদিষ্ট হয়েছেন। কিন্তু কতইনা দুঃখের কথা আর শয়তানের কতইনা বিরাট সফলতা যে, কোন কোন মাজারে ওরসের নামে যে মেলা বসে, এগুলোতে অন্যান্য অনিষ্টতা ছাড়া বাদ্যযন্ত্রেরও এমন আয়োজন থাকে যে, পাপাচারের কোন অনুষ্ঠানেও হয়ত এর চেয়ে বেশী হয় না। হায়! এসব লোক যদি বুঝত যে, এসব অপকর্ম ও গান-বাজনার দ্বারা স্বয়ং মাজারবাসী বুযুর্গের আত্মার কি পরিমাণ কষ্ট হয় এবং তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর বিরুদ্ধে শয়তানের মিশনকে সফলতা দান করে নবী করীম (ﷺ)-এর পবিত্র রূহকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে।

হাদীসের শেষ অংশে মদ ও মদপানকারীদের ব্যাপারে এবং আল্লাহর ভয়ে মদ পরিত্যাগকারীদের বেলায় যা কিছু বলা হয়েছে, এটা কোন ব্যাখ্যা-বিশ্লেষণের অপেক্ষা রাখে না। আল্লাহ্ তা'আলা আমাদেরকেও তাঁর ঐসব বান্দার অন্তর্ভুক্ত করে নিন, যারা তাঁর নির্দেশে এবং তাঁর পাকড়াও ও আযাবের ভয়ে মদ ও মাদকদ্রব্য থেকে বিরত থাকে। তিনি আমাদেরকে জান্নাতের পবিত্র হাউযের পবিত্র পানীয় দ্বারা পরিতৃপ্ত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান