মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৫৯
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৫৯। হযরত ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি কোন মুসলমানের অর্থ-সম্পদ লাভের উদ্দেশ্যে জানিয়া শুনিয়া মিথ্যা শপথ করে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আল্লাহর সাক্ষাৎ লাভ করিবে যে, তিনি তাহার উপর ভীষণ রাগান্বিত থাকিবেন। এই কথার সমর্থনে আল্লাহ্ কোরআনের এই আয়াত নাযিল করিলেন: “যাহারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি ও তাঁহার নামে করা শপথ নগণ্য মূল্যে (অর্থাৎ, পার্থিব স্বার্থের বিনিময়ে) বিক্রি করিয়া থাকে (তাহাদের জন্য কিয়ামতে কোন অংশ থাকিবে না)। -মোত্তাঃ
كتاب الإمارة والقضاء
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ» فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ: (إِنَّ الَّذِينَ يشترونَ بعهدِ اللَّهِ وأيمانِهمْ ثمنا قَلِيلا)

إِلَى آخر الْآيَة

হাদীসের ব্যাখ্যা:

মিথ্যা কথা বলা পাপ। মিথ্যা তামাম পাপের মূল। মিথ্যা হলফ করা জঘন্য পাপ। মিথ্যা হলফের মাধ্যমে অন্যের হক বিনষ্ট করা আরও জঘন্য। যার অন্তরে আল্লাহ ও আখিরাতের ভয় রয়েছে, সে কখনো আল্লাহর নামে মিথ্যা শপথ করতে পারে না এবং শপথের মাধ্যমে অপর ভাইকে তার হক থেকে বঞ্চিত করতে পারে না। যে এ ধরনের নিকৃষ্টতম কাজ করে, সে একসঙ্গে তিনটি অপরাধ করে- মিথ্যা বলা, অসঙ্গত কাজে আল্লাহর নাম ব্যবহার করা এবং অন্যায়ভাবে অপর ব্যক্তিকে সম্পদ থেকে বঞ্চিত করা। এ ধরনের লোক কিয়ামতের দিন আল্লাহর অসন্তোষ ও ক্রোধের সম্মুখীন হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান