মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৫৪
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫৪। মুহাম্মাদ ইবনে আলী ইবনে হুসাইন (রাঃ) হইতে বর্ণিত যে, হযরত আলী ইবনে আবু তালেব (রাঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত হাসান (রাঃ)-এর তরফ হইতে একটি বকরী দ্বারা আকীকা করিলেন এবং বলিলেনঃ হে ফাতেমা ! তাহার মাথাটি মুড়াইয়া দাও আর চুলের ওজন পরিমাণ রূপা সদকা কর। (হযরত আলী [রাঃ] বলেন, আমরা তাহার চুলগুলি ওজন করিলাম। উহার ওজন এক দিরহাম বা উহার চাইতে কিছু কম ছিল। —তিরময়ী, আর তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান এবং গরীব এবং ইহার সনদে বিচ্ছেদ রহিয়াছে। কেননা, মুহাম্মাদ ইবনে আলী ইবনে হুসাইন হযরত আলী ইবনে আবু তালেবের (রাঃ) সাক্ষাৎ লাভ করেন নাই।
كتاب الصيد والذبائح
وَعَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ عَليّ بن أبي طَالب قَالَ: عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَسَنِ بِشَاةٍ وَقَالَ: «يَا فَاطِمَةُ احْلِقِي رَأْسَهُ وَتَصَدَّقِي بِزِنَةِ شَعْرِهِ فِضَّةً» فَوَزَنَّاهُ فَكَانَ وَزْنُهُ دِرْهَمًا أَوْ بَعْضَ دِرْهَمٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَإِسْنَادُهُ لَيْسَ بِمُتَّصِلٍ لِأَنَّ مُحَمَّدَ بْنَ عَلِيِّ بْنِ حُسَيْنٍ لَمْ يُدْرِكْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে আকীকার কর্মধারায় পশু যবেহ করা ছাড়া সন্তানের চুলের ওজনের সমপরিমাণ রূপা সদাকা করারও উল্লেখ রয়েছে। বস্তুত এটাও একটা মুস্তাহাব কাজ।

এই হাদীসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ (ﷺ) হযরত হাসানের চুলের ওজনের সমপরিমাণ সদাকা করার যে হুকুম হযরত ফাতিমাকে দিয়েছিলেন, এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে কোন কোন মনীষী বলেছেন যে, হযরত হাসানের জন্মের সময় তাদের পিতা মাতা হযরত আলী ও ফাতিমা রাযি.-এর এতটুকু সামর্থ্য ছিল না যে, তাঁরা নিজেদের পক্ষ থেকে আকীকার পশু যবেহ করতে পারেন। এজন্য রাসূলুল্লাহ (ﷺ) ছাগল দিয়ে আকীকা তো নিজের পক্ষ থেকে করে দিলেন; কিন্তু ফাতিমাকে বলে দিলেন যে, শিশুর চুলের ওজন পরিমাণ রূপা যেন তিনি নিজে সদাকা করে দেন। যাতে তার পক্ষ থেকেও কিছুটা শোকরানা আল্লাহর দরবারে পৌঁছে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান