মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫১৯৯
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫১৯৯। হযরত আবু যার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই বান্দা দুনিয়ার সম্পদ হইতে বিমুখ থাকে আল্লাহ্ তা'আলা তাহার অন্তরে সূক্ষ্ম জ্ঞান সৃষ্টি করেন এবং আল্লাহ্ তাহার রসনা দ্বারা উহা প্রকাশ করান। দুনিয়ার দোষ-ত্রুটি, উহার ব্যাধি ও নিরাময় তাহাকে দেখাইয়া দেন। এবং তাহাকে দুনিয়া হইতে নিরাপদে বাহির করিয়া দারুস-সালামে (অর্থাৎ, জান্নাতে) পৌঁছাইয়া দেন। – বায়হাকী শোআবুল ঈমানে
كتاب الرقاق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا زَهِدَ عَبْدُ فِي الدُّنْيَا إِلَّا أَنْبَتَ اللَّهُ الْحِكْمَةَ فِي قَلْبِهِ وَأَنْطَقَ لِسَانَهُ وَبَصَّرَهُ عَيْبَ الدُّنْيَا وَدَاءَهَا وَدَوَاءَهَا وَأَخْرَجَهُ مِنْهَا سَالِمًا إِلَى دَارِ السَّلَامِ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»

হাদীসের ব্যাখ্যা:

সংক্ষেপে দুনিয়াতে 'যুহদ' করার অর্থ হলো, আখিরাতের মহব্বতে দুনিয়ার আরাম-আয়েশ ত্যাগ করা ও আখিরাতকে সফল ও সুন্দর করার জন্য দুনিয়ার যিন্দেগীতে সকল সম্ভাব্য উপায়ে চেষ্টা করা বা আল্লাহর পথে শ্রম, সম্পদ ও প্রাণ কুরবান করার জন্য সদা প্রস্তুত থাকা। অন্য হাদীসে এ কথাও বলা হয়েছে যে, আল্লাহ 'যাহিদ' বান্দাদের অন্তরে হিকমত ঢেলে দেন। আলোচ্য হাদীসে আরো সুস্পষ্টভাবে বলা হয়েছে, যাহিদ বান্দার জীবনে হিকমতের প্রতিফলন কিভাবে ঘটে। যিনি আল্লাহকে মহব্বত করেন, আখিরাতের গৃহকে সুন্দর করার জন্য দুনিয়ার অস্থায়ী ক্ষতি বরদাশত করেন, আল্লাহ তাঁর অন্তর, দৃষ্টি এবং জিহ্বার মধ্যে হিকমত সৃষ্টি করে দেন। এ ধরনের বান্দারা দুনিয়া ও আখিরাতের ব্যাপারে অন্তর দিয়ে যা অনুভব করেন তা সঠিক হয়, তাঁর মুখ দিয়ে যে কথা ও বাণী উচ্চারিত হয়, তা মানবজাতির জন্য অশেষ কল্যাণকর হয় এবং তিনি তাঁর সম্প্রসারিত দৃষ্টি দিয়ে নিজের ও সমাজের দোষ-ত্রুটি সহজে ধরতে পারেন।

সমাজ ও জাতির কল্যাণ কিভাবে হবে বা সমাজের সমস্যা, সঠিক সমাধান কি, তাও তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে। আল্লাহ তাঁর যাহিদ বান্দাদের প্রতি খুবই সন্তুষ্ট ও সদয়। তিনি তাদের উপর মেহেরবানীর বারি বর্ষণ করেন। তাই তারা যা অনুভব করেন তা হিকমত, যা বলেন তা হিকমত, যা দেখেন তা হিকমত এবং তাঁরা যা করেন তা হিকমত। এজন্য অন্য হাদীসে রাসূল ﷺ যাহিদ বান্দাদের সাহচর্য লাভের উপদেশ দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান