মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২১৯
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২১৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হাদীসটি নবী (ﷺ) পর্যন্ত পৌঁছাইয়া বলিয়াছেন, যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন ফিরিশতাগণ বলেনঃ (এই ব্যক্তি) পরকালের জন্য অগ্রিম কি পাঠাইয়াছে ? আর মানুষেরা (ওয়ারিসগণ) বলে; সে কি রাখিয়া গিয়াছে ? – বায়হাকী শো'আবুল ঈমানে
كتاب الرقاق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَبْلُغُ بِهِ قَالَ: إِذَا مَاتَ الْمَيِّتُ قَالَتِ الْمَلَائِكَةُ: مَا قَدَّمَ؟ وَقَالَ بَنُو آدَمَ: مَا خَلَّفَ؟ «. رَوَاهُ الْبَيْهَقِيّ فِي» شعب الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

১. ফেরেশতাদের নিকট গুরুত্ব হইল তাহার আমল বা কৃতকর্মের, ভাল হইলে পাইবে পুরস্কার, আর মন্দ হইলে ভোগ করিতে হইবে সাজা। পক্ষান্তরে ওয়ারিসদের নিকট গুরুত্বপূর্ণ হইল তাহার পরিত্যক্ত সম্পদ।

২. সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির নেশায় বিভোর মানুষ ধন-দৌলত হাসিলে যাবতীয় গর্হিত কাজ করে থাকে। কিন্তু শত কষ্ট ও দুর্নীতির সাহায্যে যে সম্পদ সে সঞ্চয় করে, তার মৃত্যুর পর তার উপার্জিত সম্পদের উপর তার কোন অধিকার থাকে না। অন্য লোক তা বিলি-বণ্টন করার জন্য সিন্ধুকের চাবি বা ব্যাংকের কাগজপত্র তালাশ করতে থাকে। অপরদিকে ফেরেশতারা তাকে জিজ্ঞেস শুরু করেন, দুনিয়ার যিন্দেগী সে কিভাবে যাপন করেছে। আল্লাহ ও তাঁর রাসূলের পয়গাম মোতাবিক যিন্দেগীর তামাম কাজ কি সে সম্পাদন করেছে? কিভাবে সে সম্পদ উপার্জন ও ব্যয় করেছে? আল্লাহর হুকুম মান্যকারী সেদিন খুব খুশি হবে। ফেরেশতারা তাকে পরম সুহৃদের ন্যায় স্বাগত জানাবেন। দুনিয়ার যিন্দেগীতে সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির নেশায় যে মত্ত ছিল এবং আল্লাহর হুকুম পালনের কোন প্রয়োজন মনে করেনি, সে ফেরেশতার প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হবে। এ ধরনের বদনসীবদের সঙ্গে তাঁরা কঠিন আচরণ করবেন। দুনিয়ায় ফেলে যাওয়া ধন-দৌলত ও প্রভাব-প্রতিপত্তি তখন তার বিন্দুমাত্র কাজে আসবে না। আল্লাহর আযাব থেকে কোন কিছুই তাকে রেহাই দিতে পারবে না।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান