মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬১৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬১৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: বেহেশতে এমন একটি বিরাট বৃক্ষ আছে, যদি কোন সওয়ারী উহার ছায়ায় একশত বৎসরও পরিভ্রমণ করে, তবুও উহার শেষ প্রাপ্ত পর্যন্ত পৌঁছিতে পারিবে না। বেহেশতে তোমাদের কাহারও একটি ধনুকের পরিমাণ জায়গাও ইহার চেয়েও উত্তম, যাহার উপর সূর্য উদিত হয় এবং অস্ত যায় (অর্থাৎ, সমগ্র পৃথিবী হইতে)। – মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن فِي الْجَنَّةِ شَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لَا يَقْطَعُهَا وَلَقَابَ قَوْسِ أَحَدِكُمْ فِي الْجَنَّةِ خَيْرٌ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ أَو تغرب» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

ধনুক রাখার স্থান চাবুক রাখার স্থানের মত এবং তার দ্বারা এমন ক্ষুদ্রতম স্থান বুঝান হয়েছে যা একজন মুসাফিরের বিশ্রাম করার জন্য প্রয়োজন হয়। কিন্তু জান্নাতের এমন ক্ষুদ্রতম স্থানও সারা দুনিয়ার চেয়ে উত্তম। কিয়ামতের দিন জান্নাতী ও জাহান্নামী উপলব্ধি করতে পারবে যে, জান্নাতের সামান্যতম স্থানের মূল্য ও গুরুত্ব কত বেশী। অপরাধী উপলব্ধি করবে যে, দুনিয়ার যিন্দেগীতে যত ধনদৌলত উপার্জন করে থাকুক না কেন তা তার জন্য নিষ্ফল হয়ে গেছে এবং গোটা দুনিয়ার ধনদৌলতও তার কোন কাজে আসবে না।

জান্নাতের এক টুকরার মধ্যে যে অগণিত নি'আমত এবং সাজসরঞ্জাম রয়েছে তা দেখে জান্নাতী ব্যক্তি উৎফুল্ল ও আনন্দিত হবে। দুনিয়ার জীবনে সে যে দুনিয়াকে অকিঞ্চিতকর মনে করত তার বাস্তব প্রমাণ সে আখিরাতে পাবে এবং তার মনে হবে যে, আল্লাহর দীনকে কায়েম করার জন্য আরও বেশী চেষ্টা সাধনা করলে সে আরও উচ্চ মর্যাদার অধিকারী হত।

আখিরাতের জীবন লাভে যারা চেষ্টা সাধনা করে আল্লাহ্ তা'আলা তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয়ই দান করেন। কিন্তু যারা শুধুমাত্র দুনিয়া হাসিল করতে চায় তারা আখিরাত থেকে বঞ্চিত হবে এবং দুনিয়ার আরাম-আয়েশ ততটুকু হাসিল করতে সক্ষম হবে যতটুকু আল্লাহ তাদের জন্যে লিখে রেখেছেন। তারা আখিরাতের সাফল্যের জন্য আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে থাকলে দুনিয়ার জীবনের হিসসা যা লাভ করেছে তা থেকে একবিন্দু পরিমাণও কম পেত না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৬১৫ | মুসলিম বাংলা