মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৩৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৩৩। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ একদা হযরত জিবরাঈল (আঃ) আমার নিকট আসিলেন এবং আমার হাত ধরিয়া আমাকে বেহেশতের ঐ দরজাটি দেখাইলেন, যেই পথে আমার উম্মত প্রবেশ করিবে। তখন আবু বকর (রাঃ) বলিলেন, কতই না আনন্দিত হইতাম ইয়া রাসূলাল্লাহ্! যদি আমি আপনার সঙ্গে থাকিয়া উক্ত প্রবেশদ্বারটি দেখিতে পারিতাম। এতদশ্রবণে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, জানিয়া রাখ, হে আবু বকর। আমার উম্মতের মধ্যে তুমিই সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করিবে। — আবু দাউদ
كتاب المناقب
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَانِي جِبْرِيلُ فَأَخَذَ بِيَدِي فَأَرَانِي بَابَ الْجَنَّةِ الَّذِي يَدْخُلُ مِنْهُ أُمَّتِي» فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ وَدِدْتُ أَنِّي كُنْتُ مَعَكَ حَتَّى أَنْظُرَ إِلَيْهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكَ يَا أَبَا بَكْرٍ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে হুযুর (ﷺ) এ ঘটনা বর্ণনা করেছেন যে, জিবরাঈল আমীন আমার কাছে আসলেন, আমার হাত ধরে নিজের সাথে নিয়ে গেলেন এবং জান্নাতের ঐ দরজাটি দেখালেন, যা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। এটা শবে মে'রাজের ঘটনা হতে পারে, আর এটাও সম্ভব যে, অন্য কোন সময় জিবরাঈল (আঃ) আল্লাহর হুকুমে হুযুর (ﷺ)-কে জান্নাতের ঐ দরজাটি দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন। এটা মেরাজের ন্যায় উর্ধ্ব জগতের ভ্রমণও হতে পারে এবং কাশফও হতে পারে। যাহোক, যখন হযরত আবু বকর রাযি. হুযুর (ﷺ) থেকে এ কথা শুনে আরয করলেন যে, হযরত! আমার অন্তরে আকাঙ্খা সৃষ্টি হয়েছে যে, হায়! আমিও যদি ঐ সময় আপনার সাথে থাকতাম এবং আমিও যদি জান্নাতের ঐ দরজাটি দেখে নিতাম। হুযুর (ﷺ) তখন তাকে সুসংবাদ দিলেন যে, তুমি জান্নাতের দরজা দেখার আকাঙ্খা প্রকাশ করছ, আমি তো তোমাকে এর চেয়ে আরো বড় নেয়ামতের সুসংবাদ দিচ্ছি। তুমি জেনে রাখ যে, আমার উম্মতের মধ্যে সবার আগে তুমিই জান্নাতে প্রবেশ করবে। নিঃসন্দেহে এটি এ কথার উজ্জ্বল প্রমাণ যে, হযরত আবু বকর সিদ্দীকই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও উঁচু মর্যাদার অধিকারী। رضي الله عنه وأرضاه
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান