মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১২০
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১২০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের মধ্যে আবু বকর আমার উম্মতের জন্য সর্বাধিক দয়ালু। আর উম্মতের মধ্যে আল্লাহর বিধানের ক্ষেত্রে সর্বাপেক্ষা কঠোর ওমর। আর উম্মতের মধ্যে সর্বাধিক প্রকৃত লাজুক ওসমান। আর উম্মতের মধ্যে মীরাস সম্পর্কীয় ব্যাপারে সর্বজ্ঞ যায়দ ইবনে সাবেত। আর উম্মতের মধ্যে সর্বোত্তম কোরআন মজীদের কারী উবাই ইবনে কা'ব। আর উম্মতের মধ্যে হালাল ও হারাম সম্পকে সর্বাধিক জ্ঞানী মুআয ইবনে জাবাল। আর প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমীন (বিশ্বস্ত ব্যক্তি) থাকেন। এই উম্মতের আমীন হইলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ্ (রাঃ)। – আহমদ ও তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ। আর এই হাদীসটি মা'মার সূত্রে কাতাদাহ্ হইতে মুরসাল হিসাবে বর্ণনা করা হইয়াছে। আর ইহাতে রহিয়াছে, উম্মতের সর্বোত্তম বিচারক আলী।
كتاب المناقب
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ وَأَقْرَؤُهُمْ أُبَيُّ بْنُ كَعْبٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلَالِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ وَلِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الْأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ» رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح وروى مَعْمَرٍ عَنْ قَتَادَةَ مُرْسَلًا وَفِيهِ: «وَأَقْضَاهُمْ عَلِيٌّ»

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ (ﷺ) এ হাদীসে খলীফা চতুষ্টয়ের মধ্য থেকে প্রত্যেকের ঐ গুণ ও বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যার মধ্যে উম্মতের সকলের উপর তাঁর প্রাধান্য অর্জিত রয়েছে। হযরত আবু বকর রাযি. দয়া ও কোমলতায় সমগ্র উম্মতের মধ্যে অগ্রগামী। তেমনিভাবে আল্লাহর বিধান ও অধিকার সমূহের ব্যাপারে কঠোরতা প্রদর্শনে হযরত উমর রাযি. অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। তদ্রূপভাবে লজ্জাগুণে যাকে হাদীসে ঈমানের বিশেষ শাখা বলা হয়েছে, এ ঈমানী বৈশিষ্ট্য বিবেচনায় উম্মতের মধ্যে হযরত উসমান রাযি. অগ্রগামী। কুরআন পাক ও হাদীস শরীফে 'আমানত' শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মর্ম হচ্ছে, আল্লাহ্ পাক ও তাঁর বান্দাদের সাথে যেসব দায়িত্ব সংশ্লিষ্ট রয়েছে, সঠিকভাবে ও পূর্ণরূপে ঐগুলো আদায় করা। এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহ ও তাওফীকে হযরত আবু উবায়দা রাযি. এ গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান