শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪২৮০
বিবাহ-শাদীর অধ্যায়
৩. যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করতে ইচ্ছে পোষণ করে তাহলে তার দিকে নযর করা ঐ ব্যক্তিটির জন্যে হালাল হবে কি-না?
৪২৮০। সুলাইমান ইবন শুয়াইব আল-কাইসানী (রাহঃ)...... সাহল ইবন আবু হাসমা (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদিন আমি মুহাম্মাদ ইবন মাসলামা (রাযিঃ) কে সুবাইতা বিনত আদ-দাহ্হাক -এর প্রতি, বসরাস্থ তার এক ভবন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখলাম। তখন আমি বললাম, "তুমি এরূপ করছ অথচ তুমি রাসুলুল্লাহ্ ﷺ -এর সাহাবী।” তিনি তখন বললেন, “আমি রাসূলুল্লাহ্ ﷺ থেকে শুনেছি, তিনি বলেন, "কোন ব্যক্তির মনে যখন কোন মহিলার প্রতি বিবাহের প্রস্তাব উদ্রেক হয় তখন তার পক্ষে মহিলাটির প্রতি নযর করার মধ্যে কোন প্রকার ক্ষতি নেই।"
كتاب النكاح
بَابُ الرَّجُلِ يُرِيدُ تَزَوُّجَ الْمَرْأَةِ هَلْ يَحِلُّ لَهُ النَّظَرُ إِلَيْهَا أَمْ لَا؟
4280 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ الْكَيْسَانِيُّ قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانٍ قَالَ: ثنا أَبُو شِهَابٍ الْحَنَّاطُ , عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ , عَنْ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ , عَنْ عَمِّهِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ قَالَ: رَأَيْتُ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ يُطَارِدُ ثَبِيتَةَ بِنْتَ الضَّحَّاكِ فَوْقَ إِجَّارٍ لَهَا بِبَصَرِهِ طَرْدًا شَدِيدًا، فَقُلْتُ: أَتَفْعَلُ هَذَا , وَأَنْتَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ [ص:14] فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا أُلْقِيَ فِي قَلْبِ امْرِئٍ خِطْبَةُ امْرَأَةٍ , فَلَا بَأْسَ أَنْ يَنْظُرَ إِلَيْهَا»
হাদীসের ব্যাখ্যা:
রাসুলুল্লাহ ﷺ-এর এসব নির্দেশাবলীর উদ্দেশ্য এটাই যে, বিয়ে-শাদীর বিষয় অতিশয় গুরুত্বপূর্ণ, যা সারা জীবনের জন্য এক সিদ্ধান্ত ও চুক্তিস্বরূপ। এটা সংগত নয় যে, চুক্তি অজ্ঞাতসারে অন্ধকারে হবে, বরং জ্ঞাতসারে এবং দেখেশুনে হওয়া চাই। নির্ভরযোগ্য লোক, বিশেষ করে মহিলাদের মাধ্যমেও সঠিক তথ্য সংগ্রহ করা যেতে পারে। যে মাধ্যমই অবলম্বন করা হোক না কেন, সর্বাবস্থায় এ কথার প্রতি লক্ষ্য রাখতে হবে যে, পাত্রী বা তার পারিবারিক লোকদের জন্য কঠিন এবং অনভিপ্রেত যেন না হয়। বরং এটা উত্তম যে, তারা বুঝতে পারবে না। সুনানে আবু দাউদে হযরত জারির (রা)-এর এ বর্ণনা এসেছে যে, আমি এক মহিলার জন্য বিয়ের প্রস্তাব নেওয়ার ইচ্ছা পোষণ করলাম। তখন রাসূলুল্লাহ ﷺ-এর এ নির্দেশ অনুযায়ী আমি তাকে গোপনে দেখার চেষ্টা চালিয়ে গেলাম। অবশেষে এ বিষয়ে আমি সফলকাম হলাম এবং আমি তাকে বিয়ে করলাম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)