শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৩৩
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
নিজ সম্পদ ব্যবহারে মহিলার হুকুম
৭৩৩৩। আবু বাকরা (রাহঃ) .... ইব্‌ন আব্বাস (খা) হতে বর্ণনা করেন। তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রাযিঃ), উমর (রাযিঃ) ও উসমান (রাযিঃ)-এর সাথে ঈদের সালাত আদায় করেছি । তারা সকলেই খুতবার পূর্বে সালাত আদায় করতেন। এরপর খুতবা প্রদান করতেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিম্বর থেকে অবতরণ করেন। আমি এখনও যেন তার দিকে তাকিয়ে রয়েছি। তিনি নিজ হাত দ্বারা লোকজনকে বসিয়ে দিচ্ছিলেন। অতঃপর তাদেরকে দুই ভাগ করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবং স্ত্রীলোকদের কাছে পৌঁছলেন। হযরত বিলাল (রাযিঃ) তার সাথে ছিলেন। তিনি কুরআনুল করীমের নিম্নবর্ণিত আয়াতটি তিলাওয়াত করলেন:
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَىٰ أَن لَّا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ ۙ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
"হে নবী (ﷺ)! যখন মুমিন নারীরা তোমার কাছে এসে এই মর্মে বাইআত করে যে, তারা আল্লাহর সাথে কোন কিছু শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, তারা জেনে শুনে কোন অপবাদ রচনা করে রটাবে না এবং সৎকাজে তারা তোমার অবাধ্য হবে না। তখন তুমি তাদের বাইআত গ্রহণ কর এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।" (সূরা ৬০ : ১২)
তিলাওয়াত শেষে তিনি বললেন, তোমরাও এর মধ্যে অবস্থান করছ। তখন কেউ কোন উত্তর দিলেন না। শুধু একজন মহিলা বলেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল (ﷺ)! রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে তোমরা সদকা দান কর। বিলাল (রাযিঃ) তার কাপড় পেতে দিলেন। এরপর নারীদেরকে বললেন : এ কাপড়ে সদকা রাখো । তখন তারা গলার হার, আংটি ইত্যাদি বিলাল (রাযিঃ)-এর কাপড়ে ফেলতে লাগলেন।
كتاب الزيادات
7333 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: " شَهِدْتُ الصَّلَاةَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَ أَبِي بَكْرٍ , وَعُمَرَ , وَعُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُمْ , فَكُلُّهُمْ يُصَلِّيهَا قَبْلَ الْخُطْبَةِ , ثُمَّ يَخْطُبُ بَعْدُ. [ص:353] قَالَ: وَنَزَلَ نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يُجْلِسُ الرَّجُلَ بِيَدِهِ , ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى أَتَى النِّسَاءَ , وَمَعَهُ بِلَالٌ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللهِ شَيْئًا} [الممتحنة: 12] إِلَى قَوْلِهِ {غَفُورٌ رَحِيمٌ} [البقرة: 173] . فَقَالَ حِينَ فَرَغَ أَنْتُنَّ عَلَى ذَلِكَ. فَقَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ لَمْ تُجِبْهُ غَيْرُهَا نَعَمْ يَا رَسُولَ اللهِ قَالَ: فَتَصَدَّقْنَ. فَبَسَطَ بِلَالٌ رَضِيَ اللهُ عَنْهُ ثَوْبَهُ , ثُمَّ قَالَ: لَهُنَّ أَلْقِينَ فَجَعَلْنَ يُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلَالٍ رَضِيَ اللهُ عَنْهُ "

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে ঈদের খুতবায় পুরুষের পাশাপাশি নারীদেরও পৃথকভাবে সম্বোধন করার বিষয় উল্লিখিত হয়েছে। হযরত আবদুল্লাহ্ ইবনে আববাস (রা) থেকে বর্ণিত সহীহ্ মুসলিমের এক হাদীস সূত্রে জানা যায় যে, নবী কারীম ﷺ খেয়াল করেছিলেন যে, নারীরা খুতবা শুনতে পায়নি (তাই তিনি পৃথকভাবে তাদের নসীহত করেন)।

জ্ঞাতব্যঃ রাসূলুল্লাহ ﷺ এর যুগে দুই ঈদের সালাতে সাধারণভাবে মহিলারা অংশ নিত। বরং বলা যায়, এ বিষয়ে তাঁর নির্দেশও ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এবং মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ দেখা দেওয়ায় ফিকহবিদ বিশেষজ্ঞ আলিমগণ যেমন জুমু'আ ও পাঁচ ওয়াক্তের সালাতে মহিলাদের জামা'আতে অংশগ্রহণ করাকে অসমীচীন মনে করেন, অনুরূপভাবে দুই ঈদের সালাতের ক্ষেত্রেও তাদের ঈদগাহে যাওয়া তারা অসমীচীন মনে করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান