আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৭
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
লাশ দাফন করার পর জানাযার নামায পড়া।
৩১৭। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। নাজ্জাশী যেদিন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহ ﷺ আমার (লোকদের) তার মৃত্যুসংবাদ শুনান। তারপর তাদেরকে নিয়ে তিনি ঈদের মাঠে যান, তাদের সারিবদ্ধভাবে দাঁড় করান এবং চার তাকবীর সহকারে তার জানাযা পড়ান।**
أبواب الجنائز
بَابُ: الصَّلاةِ عَلَى الْمَيِّتِ بَعْدَ مَا يُدْفَنُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، فَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعَ تَكْبِيرَاتٍ»

হাদীসের তাখরীজ (সূত্র):

** তৎকালীন হাবশার রাজার রাষ্ট্রীয় পদবী ছিল নাজ্জাশী। রাসূলুল্লাহ ﷺ - এর সমসাময়িক নাজ্জাশীর নাম ছিল আসহিমাহ (اصحمه)। তিনি তাবিঈদের অন্তর্ভুক্ত ছিলেন। যদিও তিনি রাসূলুল্লাহ ﷺ -এর জীবনকালেই ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তাঁর সাথে সরাসরি সাক্ষাত না হওয়ায় তিনি সাহবীর মর্যাদা লাভ করতে পারেননি। তবে বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস (রা) নাজ্জাশীর হাতে ইসলাম গ্রহণ করেন। একজন তাবিঈর হাতে একজন সাহাবীর ইসলাম গ্রহণের এটাই প্রথম দৃষ্টান্ত । রাসূলুল্লাহ ﷺ নাজ্জাশীর কাছে দু'টি পত্র লিখেন এবং আমর ইবনে উমাইয়া (রা)-র মাধ্যমে তার কাছে তা পাঠান। এর একটিতে তিনি নাজ্জাশীকে ইসলামের দাওয়াত দেন এবং অপরটিতে উম্মে হাবীবা (রা)-কে তাঁর সাথে বিবাহ দেয়ার প্রস্তাব দেন। নাজ্জাশী পত্র পেয়ে তা নিজের দু'চোখের উপর রাখেন, অতঃপর ইসলাম গ্রহণ করেন এবং বিবাহ প্রস্তাব গ্রহণ করে নিরাপত্তার নিশ্চয়তা দান করেন। এজন্য তিনি ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন। বিবাহ সম্পর্কিত ঘটনাটি উম্মে হাবীবা (রা)-র সূত্রে আবু দাউদ ও নাসাঈ গ্রন্থে উল্লেখ আছে। তার ইন্তেকালের পর রাসূলুল্লাহ ﷺ সাহাবাদের নিয়ে তার গায়বী জানাযা পড়েন। এই হাদীসের ভিত্তিতে ইমাম শাফিঈ, আহমাদ ইবনে হাম্বল এবং পূর্ববর্তী কালের অধিকাংশ বিশেষজ্ঞ আলেম গায়বী জানাযা পড়া জায়েয বলে মত প্রকাশ করেছেন। অপরদিকে হানাফী ও মালেকী মাযহাবমতে গায়েবী জানাযা জায়েয নয়। রাসূলুল্লাহ ﷺ যে গায়েবী জানাযা পড়েছেন তা তাঁর বিশেষত্বের কারণে ছিল। তার দোয়া যে কোন লোকের জন্য কাল্যাণ ও বরকতের কারণ। অবশ্য শায়েখ দেহলবী বলেন, 'আজকাল মক্কা-মদীনার হানাফী আলেমগণও গায়েবী জানাযা পড়েন'। বর্তমানে দুনিয়ার সর্বত্র গায়েবী জানাযা পড়া একটা সাধারণ রীতিকে পরিণত হয়েছে (অনুবাদক)।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)