ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩১
নামাযের অধ্যায়
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬৩১) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কারো রাতের খাবার রাখা হয় এবং এমতাবস্থায় সালাতের ইকামত দেওয়া হয় তাহলে তোমরা আগে খাবার গ্রহণ করবে খাদ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তাড়াহুড়ো করবে না।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إذا وضع عشاء أحدكم وأقيمت الصلاة فابدءوا بالعشاء ولا يعجل حتى يفرغ منه

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-৬৭৩; সহীহ মুসলিম, হাদীস-৫৫৯; সুনান আবু দাউদ, হাদীস-৩৭৫৭]

হাদীসের ব্যাখ্যা:

ভাষ্যকারগণ লিখেছেন, কারো যদি তীব্র ক্ষুধা অনুভূত হয় এবং সামনে খানা পরিবেশন করা হয় এমতাবস্থায় যদি সে খাবার গ্রহণ না করে সালাতে অংশগ্রহণ করে, তাহলে তার মনে সালাতের মধ্যে খানার কথা স্মরণ হবে। এজন্য এহেন অবস্থায় শরী'আতের বিধানের অনিবার্য দাবি হলো প্রথমত খাবার শেষ করে তারপর সালাত আদায় করা।

কখনও কখনও হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা) এরূপ অবস্থার সম্মুখীন হতেন। তাঁর সামনে খানা পরিবশেন করা হচ্ছিল, ওদিকে সালাতেরও ইকামাত চলছিল।

এমতাবস্থায় তিনি আহার করে নিতেন অথচ ইমামের কিরা'আত তাঁর কানে ঝংকৃত হত। কিন্তু তিনি খাবার শেষ করে সালাত আদায় করে নিতেন। উল্লেখ্য, হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা) শরী'আত ও সুন্নাতের একজন অনন্য অনুসারী বরং প্রেমিক ছিলেন। তিনি একাজ মূলত উপরে বর্ণিত হাদীসের আলোকেই করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)