আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৫৩
আন্তর্জাতিক নং: ৫৮৭২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১০৯. আংটিতে নকশা করা।
৫৪৫৩। আব্দুল আ'লা (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, আল্লাহর নবী (ﷺ) অনারব একটি দলের কাছে বা কিছু লোকের কাছে পত্র লিখতে ইচ্ছা করেন। তখন তাঁকে জানানো হল যে, তারা এমন পত্র গ্রহণ করে না, যার উপর মোহরাঙ্কিত না থাকে। এরপর নবী (ﷺ) রূপার একটি আংটি তৈরী করান। তাতে অংকিত ছিল ‘مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ’ (বর্ণনাকারী আনাস (রাযিঃ) বলেন) আমি যেন (এখনও) নবী (ﷺ) এর আঙ্গুলে বা তার হাতে সে আংটির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি।
كتاب اللباس
باب نَقْشِ الْخَاتَمِ
5872 - حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى رَهْطٍ، أَوْ أُنَاسٍ مِنَ الأَعَاجِمِ» ، فَقِيلَ لَهُ: إِنَّهُمْ لاَ يَقْبَلُونَ كِتَابًا إِلَّا عَلَيْهِ خَاتَمٌ، " فَاتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، نَقْشُهُ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَكَأَنِّي بِوَبِيصِ، أَوْ بِبَصِيصِ الخَاتَمِ فِي إِصْبَعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ فِي كَفِّهِ "

হাদীসের ব্যাখ্যা:

বিশুদ্ধ বর্ণনা দ্বারা জানা যায় যে, রাসূলুল্লাহ (ﷺ) ষষ্ঠ হিজরীর শেষ দিকে হুদায়বিয়ার সফর থেকে প্রত্যাবর্তনের পর তখনকার দুনিয়ার প্রসিদ্ধ বাদশাহ ও শাসকদের নামে ইসলামের দাওয়াত সম্বলিত পত্র প্রেরণ করেছিলেন। সে সময়ই এ ঘটনা ঘটল যে, যখন তিনি পত্র লিখাবার ইচ্ছা প্রকাশ করলেন, তখন কোন কোন সাহাবী- যারা এসব রাষ্ট্রের রীতি নীতি সম্পর্কে অবগত ছিলেন, বললেন যে, এসব পত্রে হুযুর (ﷺ)-এর মোহর থাকা জরুরী। এসব রাজা-বাদশাহ মোহর ছাড়া পত্রের কোন গুরুত্বই দেয় না। হুযুর (ﷺ) তাদের এ পরামর্শ গ্রহণ করলেন এবং রূপার একটি আংটি তৈরী করলেন- যার উপরের পাত্রে محمد رسول الله অংকিত ছিল।
বুখারী শরীফের রেওয়ায়াত দ্বারা এ কথাও জানা গেল যে, এ তিনটি শব্দ তিন লাইনে নীচ থেকে উপরে এভাবে লিখা ছিল:
الله
رسول
محمد
এটাই হুযুর (ﷺ)-এর মোহর এবং এটাই তাঁর আংটি ছিল।
বর্ণনায় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করার কথাও এসেছে এবং ডান হাতে ব্যবহারের কথাও। মনে হয়, কখনো ডান হাতেও ব্যবহার করতেন, আর কখনো বাম হাতেও পরে নিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)