আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৫৪
আন্তর্জাতিক নং: ৫৮৭৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১০৯. আংটিতে নকশা করা।
৫৪৫৪। মুহাম্মাদ ইবনে সালাম (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) রূপার একটি আংটি পরিধান করেন। সেটি তার হাতে ছিল। এরপর তা আবু বকর (রাযিঃ) এর হাতে আসে। পরে তা উমর (রাযিঃ) এর হাতে আসে। এরপর তা উসমান (রাযিঃ) এর হাতে আসে। শেষকালে তা আরীস নামক এক কূপের মধ্যে পড়ে যায়। তাতে অংকিত ছিল ‘مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ’।
كتاب اللباس
باب نَقْشِ الْخَاتَمِ
5873 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: " اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ، وَكَانَ فِي يَدِهِ، ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ أَبِي بَكْرٍ، ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ عُمَرَ، ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ عُثْمَانَ، حَتَّى وَقَعَ بَعْدُ فِي بِئْرِ أَرِيسَ، نَقْشُهُ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ "

হাদীসের ব্যাখ্যা:

বিশুদ্ধ বর্ণনা দ্বারা জানা যায় যে, রাসূলুল্লাহ (ﷺ) ষষ্ঠ হিজরীর শেষ দিকে হুদায়বিয়ার সফর থেকে প্রত্যাবর্তনের পর তখনকার দুনিয়ার প্রসিদ্ধ বাদশাহ ও শাসকদের নামে ইসলামের দাওয়াত সম্বলিত পত্র প্রেরণ করেছিলেন। সে সময়ই এ ঘটনা ঘটল যে, যখন তিনি পত্র লিখাবার ইচ্ছা প্রকাশ করলেন, তখন কোন কোন সাহাবী- যারা এসব রাষ্ট্রের রীতি নীতি সম্পর্কে অবগত ছিলেন, বললেন যে, এসব পত্রে হুযুর (ﷺ)-এর মোহর থাকা জরুরী। এসব রাজা-বাদশাহ মোহর ছাড়া পত্রের কোন গুরুত্বই দেয় না। হুযুর (ﷺ) তাদের এ পরামর্শ গ্রহণ করলেন এবং রূপার একটি আংটি তৈরী করলেন- যার উপরের পাত্রে محمد رسول الله অংকিত ছিল।
বুখারী শরীফের রেওয়ায়াত দ্বারা এ কথাও জানা গেল যে, এ তিনটি শব্দ তিন লাইনে নীচ থেকে উপরে এভাবে লিখা ছিল:
الله
رسول
محمد
এটাই হুযুর (ﷺ)-এর মোহর এবং এটাই তাঁর আংটি ছিল।
বর্ণনায় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করার কথাও এসেছে এবং ডান হাতে ব্যবহারের কথাও। মনে হয়, কখনো ডান হাতেও ব্যবহার করতেন, আর কখনো বাম হাতেও পরে নিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫৪৫৪ | মুসলিম বাংলা