ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৭২
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
নবী (ﷺ) এর উপর সালাতের কিছু বাক্য
(২৬৭২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আমাদের নবী-বংশের উপর সালাত পাঠের সময় পূর্ণতম পরিমাপে সাওয়াব মাপতে চায় তবে সে যেন বলে, 'হে আল্লাহ, আপনি সালাত প্রেরণ করুন মুহাম্মাদের উপর, এবং তাঁর স্ত্রীগণ মুমিনদের মাতৃগণের উপর, তাঁর বংশধর ও তাঁর পরিবারের মানুষদের উপর, যেমন আপনি সালাত প্রেরণ করেছেন ইবরাহীমের পরিজন-বংশধরের উপরে। নিশ্চয় আপনি প্রশংসিত মর্যাদাময়'।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من سره أن يكتال بالمكيال الأوفى إذا صلى علينا أهل البيت فليقل: اللهم صل على محمد وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد.

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান আবু দাউদ, হাদীস-৯৮২; বাইহাকি, আল সুনানুল কুবরা, হাদীস-২৮৬৬]

[গ্রন্থকার টীকায় বলেন, 'আবু দাউদ ও মুনযিরি হাদীসটির সনদের বিষয়ে কোনো মন্তব্য করেন নি'। আলবানি, ইসলাম মানসুর ও শুআইব আরনাউত দুর্বল বলেছেন। -সম্পাদক]

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের ভিত্তিতে অনেকের ধারণা দরূদসমূহের মধ্যে এটাই সর্বশ্রেষ্ঠ দরূদ। কেননা, বলা হয়েছে, যে ব্যক্তি পূর্ণ বরকত ও রহমত এবং ছাওয়াব হাসিল করে আনন্দিত হতে চায়, সে যেন দরূদটি পাঠ করে। আবার কেউ কেউ বলেছেন: সালাতে ঐ দরূদটি পাঠ করা সর্বোত্তম কাব ইবনে উজরা ও আবু হুমায়দ সায়েদী রা.-এর যবানীতে বর্ণিত হয়েছে। আর সালাতের বাইরে এ দরূদই সর্বোত্তম যা হযরত আবূ হুরায়রা (রা) এ হাদীসে বর্ণনা করেছেন। আল্লাহই ভালো জানেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান