মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৭০
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ সালাতের সময় দাঁত পরিষ্কার করা প্রসঙ্গে
(১৭০) নবী পত্নী উম্মু হাবীবা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যদি আমি আমার উম্মতের কষ্ট হবে বলে ভয় না পেতাম তাহলে তাদেরকে প্রত্যেক সালাতের সময় দাঁত পরিষ্কার করতে নির্দেশ প্রদান করতাম, যেমন তারা (প্রতি সালাতের জন্য) ওযু করে।
(আবু ইয়ালা। সনদ সহীহ।)
كتاب الطهارة
(2) باب فيما جاء في السواك عند الصلاة
(170) عن أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة كما يتوضؤن

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের ব্যাখ্যায় বলা যেতে পারে যে, আল্লাহর কাছে মিস্ওয়াক প্রিয় হওয়া ও এর বহুবিধ উপকারিতা লক্ষ্য করে রাসূলুল্লাহ ﷺ এর মন চাচ্ছে যেন উম্মাতের জন্য সালাতের পূর্বে মিস্ওয়াক করা অপরিহার্য করে দেন। কিন্তু এ নির্দেশ একথা মনে করে দেন নি যে, এ নির্দেশ উম্মাতের উপর ভারী বোঝা মনে হতে পারে এবং সবার তা মান্য করা কষ্টসাধ্য হতে পারে। গভীর অভিনিবেশ সহকারে লক্ষ্য করলে দেখা যাবে যে, এ হচ্ছে অনুপ্রেরণা ও গুরুত্বারোপ করার একটি পদ্ধতি এবং নিঃসন্দেহে প্রভাবময়ী পদ্ধতি।

জ্ঞাতব্য: এ হাদীসের কোন কোন সূত্রে "عند كل صلوة" (প্রত্যেক সালাতের সময়) এর স্থলে "عند كل وضوء" (প্রত্যেক উযূর সময়) এর উল্লেখ রয়েছে১, তবে উভয় বর্ণনার মর্ম প্রায় কাছাকাছি।
টিকা: ১. এ পর্যায়ে বুখারী শরীফের সিয়াম অধ্যায় এর "বাবুস সিওয়াকির রুতাবি ওয়াল-ইয়াবিসি লিস্ সায়িম" অনুচ্ছেদ দ্রষ্টব্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান