মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১১২
নামাযের অধ্যায়
(২) তারাবীহর সালাতের কারণ এবং মসজিদে তা জামায়াতে আদায় করা বৈধ হওয়া প্রসঙ্গে
(১১০৮) উরওয়া ইবন যুবাইর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা (রা) বলেছেন, একদা এক মধ্যরাতে রাসুলুল্লাহ (সা) গৃহ থেকে বের হলেন, তারপর মসজিদে সালাত আদায় করলেন। তখন কতিপয় সাহাবী মসজিদে এলেন এবং তার সাথে সালাত আদায় করলেন, পরদিন প্রত্যুষে মানুষরা বলাবলি করতে লাগল যে, নবী (সা)- মসজিদে গিয়েছিলেন এবং মধ্য রাতে সালাত আদায় করেছেন। পরের রাতে আরো বেশী মানুষ জমায়েত হলো- বর্ণনাকারী (আয়েশা (রা)) বলেন, নবী (সা) গৃহ থেকে বের হলেন মধ্যরাতে গোসল করলেন, অতঃপর সালাত আদায় করলেন মানুষেরাও তাঁর সাথে সালাত আদায় করল। এর পরদিন সকালে তারা এ নিয়ে বলাবলি করতে লাগল। এমনিভাবে তৃতীয় রাতেও অনেক মানুষ জমায়েত হল এবং মসজিদে সালাতীদের সংখ্যা বেড়ে গেল। বর্ণনাকারী বলেন, অতঃপর নবী (সা) মধ্যরাতে বের হলেন এবং সালাত আদায় করলেন তাঁরাও তাঁর সাথে সালাত আদায় করল। এমনিভাবে চতুর্থ রাত যখন হল তখন এত মানুষ মসজিদে সমবেত হলো যে, মসজিদে লোক সংকুলান কষ্টসাধ্য হয়ে পড়ল। এ দিনে নবী (সা) বসে থাকলেন এবং বের হলেন না। তিনি বলেন, এমনকি আমি শুনতে পেলাম যে, কিছু মানুষ সালাত! সালাত!! বলে ডাকছে। তথাপিও নবী (সা) তাদের উদ্দেশ্যে বের হলেন না, যখন তিনি ফজরের সালাত আদায় শেষে সালাম দিলেন তখন মানুষদের মাঝে দাঁড়িয়ে গেলেন, শাহাদাতবাণী উচ্চারণ করলেন এবং বললেন, গতরাতে তোমাদের অবস্থা (সালাতের প্রতি তোমাদের আগ্রহ) আমার অজানা ছিল না, কিন্তু আমি আশঙ্কা করেছি যে, তা তোমাদের ওপর ফরয হয়ে গেলে, যা আদায়ে তোমরা অক্ষম হয়ে পড়বে। (কোন কোন বর্ণনায় এও এসেছে যে) এটা ছিল রামাযান মাসের ঘটনা।
(বুখারী, মুসলিম, হাকেম, আবু দাউদ, নাসায়ী ও বায়হাকীতে বর্ণিত।)
كتاب الصلاة
(2) باب ما جاء فى سببها وجواز فعلها جماعة فى المسجد
(1112) عن عروة بن الزبير قال قالت عائشة رضى الله عنها خرج رسول الله صلى الله عليه وسلم ليلةً من جوف اللَّيل فصلَّى في المسجد فثاب رجال فصلَّوا معه بصلاته فلمَّا أصبح النَّاس تحدَّثوا أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قد خرج فصلَّى فى المسجد من جوف اللَّيل فاجتمع اللَّيلة المقبلة أكثر منهم، قالت فخرج النَّبيُّ صلى الله عليه وسلم اغتسل من جوف اللَّيل فصلَّي وصلَّوا معه بصلاته ثمَّ أصبح فتحدَّثوا بذلك، فاجتمع
اللَّيلة الثَّالثة ناس كثير حتَّى كثر أهل المسجد قالت فخرج النَّبيُّ صلى الله عليه وسلم من جوف اللَّيل فصلَّى فصلَّوا معه، فلمَّا كانت اللَّيلة الرَّابعة اجتمع النَّاس حتَّى كاد المسجد يعجز عن أهله فجلس النَّبيُّ صلى الله عليه وسلم فلم يخرج، قالت حتَّى سمعت ناسًا منهم يقولون الصَّلاة الصَّلاة، فلم يخرج إليهم النَّبيُّ صلى الله عليه وسلم فلمَّا صلَّى صلاة الفجر سلَّم ثمَّ ثام فى النَّاس فتشهَّد ثمَّ قال أمَّا بعد فإنَّه لم يخف علىَّ شأنكم اللَّيلة ولكنِّي خشيت أن تفرض عليكم فتعجزوا عنها (زاد فى رواية) وذلك فى رمضان.
tahqiqতাহকীক:তাহকীক চলমান