ওমরায় যাওয়ার প্রাক্কালে ঘনিষ্ঠদেরকে জানানো ও দুআ চাওয়া এবং ভিডিও করে সবাইকে দেখানো
প্রশ্নঃ ১৬৯৪৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আগামী মাসে উমরাহ যাব ইন শা আল্লাহ। আমার উমরাহ শুধু আল্লাহর জন্য। মানুষ দেখানোর ইচ্ছা নেই। এখন প্রশ্ন হলো আমার কি সবার কাছ থেকে বিদায় ও দোয়া নেওয়া উচিত নাকি যত সম্ভব গোপন রাখব? আর আমার কি ভিডিও করে সবাইকে দেখানো উচিত না কি এসব থেকে দূরে থাকব???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সকল ইবাদতের মৌলিক বিষয় হলো ইখলাস তথা লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমল সম্পন্ন করা।
হজ ওমরা কিংবা অন্য কোন আমলের চিত্র ভিডিও করে সবাইকে দেখানোর মধ্যে লৌকিকতা এবং রিয়া যুক্ত হওয়া খুবই স্বাভাবিক।
পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা লৌকিকতাপূর্ণ ইবাদতের ভর্সৎনা করেছেন।
فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ ۙ
সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাযীদের,
الَّذِیۡنَ ہُمۡ عَنۡ صَلَاتِہِمۡ سَاہُوۡنَ ۙ
যারা তাদের নামাযে গাফলতি করে,
الَّذِیۡنَ ہُمۡ یُرَآءُوۡنَ ۙ
যারা মানুষকে দেখায়
—সূরা মাঊন ৪,৫,৬
আপনি ওমরাহ পালন করতে যাওয়ার সময় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠজনের কাছে দুআ চেয়ে সফরে যাবেন। কিন্তু ভিডিও করে সবাইকে দেখাবেন না।
অবশ্য উমরাহ সফরের প্রাক্কালে আল্লার প্রিয় ব্যক্তিদের কাছে দুআ চেয়ে যাওয়ার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত।
ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওমরা যাওয়ার সময় প্রিয় নবী ﷺ এর কাছে দোয়া চেয়েছিলেন। প্রিয় নবী মুহাম্মাদ ﷺ হযরত ওমরকে উদ্দেশ্য করে বলেছেন প্রিয় ভাই, তোমার দুআয় আমাদেরকে ভুলে যেও না।
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، - رضى الله عنه - قَالَ اسْتَأْذَنْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْعُمْرَةِ فَأَذِنَ لِي وَقَالَ " لاَ تَنْسَنَا يَا أُخَىَّ مِنْ دُعَائِكَ " . فَقَالَ كَلِمَةً مَا يَسُرُّنِي أَنَّ لِي بِهَا الدُّنْيَا قَالَ شُعْبَةُ ثُمَّ لَقِيتُ عَاصِمًا بَعْدُ بِالْمَدِينَةِ فَحَدَّثَنِيهِ وَقَالَ " أَشْرِكْنَا يَا أُخَىَّ فِي دُعَائِكَ " .
১৪৯৮. সুলাইমান ইবনে হারব (রাহঃ) .... উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী করীম (ﷺ)-এর নিকট উমরাহ জন্য অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি প্রদান করে বলেনঃ হে আমার প্রিয় ভাই। তুমি দুআ করার সময় যেন আমাদের কথা ভুলে না যাও। অতঃপর উমর (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) এর এই উক্তি “হে আমার প্রিয় ভাই” আমাকে এত খুশী করে যে, আমি যদি এর পরিবর্তে সমস্ত দুনিয়ার মালিক হতাম, তবুও এত খুশী হতাম না।
রাবী শোবা বলেন, অতঃপর আমি আসেম (রাহঃ) এর সাথে মদীনায় সাক্ষাত করলে তিনি আমাকে বলেনঃ তখন নবী করীম (ﷺ) উমর (রাযিঃ)-কে বলেনঃ হে ভ্রাতা। তুমি তোমার দুআর মধ্যে আমাদেরকেও শরীক কর।
—সুনানে আবু দাউদ, হাদীস নংঃ ১৪৯৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন