জুলুম বা আত্মসাতের বিচারে মান্নত করার শরয়ী বিধান ও সঠিক নিয়ম
প্রশ্নঃ ১৬৯৯৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন মানুষকে বিশ্বাস করে আমার মৃত মেয়ের নামে ১৮ লাখ টাকা ইনভেস্ট করে তাকে বিজনেস দিয়েছিলাম।এখন সে ব্যবসা থেকে ৬/৭ লাখ টাকা চুরি করেছে।আমি আমার সুস্ঠ বিচার পাওয়ার জন্য আল্লাহর কাছে রোজা মান্নত করতে পারবো?(আল্লাহ যেন আমার রোজা রাখার উসিলায় তাকে উত্তম বিচার করে)
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জুলুম ও আত্মসাতের শিকার ব্যক্তি তার অধিকার ফিরে পাওয়ার জন্য বা জালিমের উপযুক্ত বিচারের জন্য কোনো বৈধ আমল বা ইবাদত মান্নত করতে পারে।
মান্নত করার শর্ত হলো, সেই মান্নতটি কোনো নেক আমল বা ইবাদত (যেমন: রোজা, নামাজ, সদকা) হতে হবে এবং তা আল্লাহর সন্তুষ্টি ও সাহায্যের উদ্দেশ্যে হতে হবে। জালিমের জুলুম থেকে নিষ্কৃতি ও আল্লাহর কাছে ইনসাফ চাওয়ার জন্য "আল্লাহ যদি আমাকে বিচার/অধিকার দেন, তবে আমি আল্লাহর ওয়াস্তে রোজা রাখব"—এভাবে মান্নত করা শরিয়তে জায়েজ।
হানাফী মাযহাবের নির্ভরযোগ্য কিতাব- আল-ফাতাওয়া আল-হিন্দিয়াতে আছে:
"ومن شرطه أن يكون طاعة مقصودة... وإذا علقه بشرط يوجد وهو شرط يراد وجوده كقوله: إن شفى الله مريضي أو رد غائبي أو نحو ذلك كقوله إن رزقني الله مالا أو إن قضى الله حاجتي فعلي صوم كذا كذا تلزمه الوفاء به اتفاقا."
(আল-ফাতাওয়া আল-হিন্দিয়া,১/২০৯)
এমনিভাবে ফতোয়ায়ে শামীতে আছে-
"وشروطه كونه طاعة مقصودة... وقربة لا معصية... فلو علق بالنعم أو بدفع النقم لزمه الوفاء عند وجود الشرط."
(ফতোয়ায়ে শামীতে,৩/ ৭৩৫)
সুতরাং আপনি যদি মান্নত করেন—"আল্লাহ যদি আমার মৃত মেয়ের নামে দেওয়া এই টাকার আত্মসাৎ এর সঠিক বিচার আমাকে ফয়সালা করে দেন, তবে আমি ৩ দিন (বা নির্দিষ্ট কয়টি) রোজা রাখব"—তবে এই মান্নত করা জায়েজ হবে। আর আল্লাহ যখন আপনাকে সুরাহা বা সঠিক বিচার দান করবেন, তখন ওই রোজাগুলো রাখা আপনার ওপর ওয়াজিব (আবশ্যক) হয়ে যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন