শরয়ী ওযরে জামা‘আত ছুটে গেলে কি সওয়াব পাওয়া যাবে?
প্রশ্নঃ ১৭১৯৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তীব্র বৃষ্টি, অসুস্থতা বা অন্য কোনো শরযী ওযরের কারণে মসজিদে উপস্থিত হতে না পারলে, ঘরে বা অফিসে নামায আদায় করলে কি জামা‘আতের পূর্ণ সওয়াব পাওয়া যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জী, কোনো ব্যক্তি যদি নিয়মিত মসজিদে গিয়ে জামা‘আতে নামায আদায় করে থাকেন; কিন্তু অসুস্থতা, তীব্র বৃষ্টি বা অন্য কোনো শরযী ওযরের কারণে কোনোদিন মসজিদে উপস্থিত হতে না পারেন, তাহলে ঘরে বা অফিসে নামায আদায় করলেও ইনশাআল্লাহ তিনি মসজিদে উপস্থিত হয়ে জামা‘আতে নামায আদায় করার সমপরিমাণ সওয়াব লাভ করবেন। এ ক্ষেত্রে বাসা বা অফিসে সুযোগ থাকলে জামা‘আতের সঙ্গে নামায আদায় করবেন। আর সুযোগ না থাকলে একাকী আদায় করবেন।
শরীয়তের মূলনীতি অনুযায়ী, কোনো ওযর বা বাধ্যবাধকতার কারণে বান্দা স্বাভাবিক আমল থেকে বিরত থাকতে বাধ্য হলে, খাঁটি নিয়ত ও অভ্যাসের কারণে সে মূল আমলকারীর সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়। এছাড়া বিনা ওযরে মসজিদের জামা‘আত ছেড়ে বাড়িতে জামা‘আত করার বিধান জানতে ক্লিক করুন।
শরয়ী দলীলসমূহ
قال رسول الله صلى الله عليه وسلم: «إذا مرض العبد، أو سافر، كتب له مثل ما كان يعمل مقيما صحيحا»
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন বান্দা রোগাক্রান্ত হয় কিংবা সফর করে, তখন তার জন্য তা-ই লিখিত হয়, যা সে মুকীম অবস্থায় বা সুস্থ অবস্থায় আমল করত। সহীহ বুখারী, হাদীস নং: ২৯৯৬; ব্যাখ্যাসহ হাদীস জানতে ক্লিক করুন।
خطبنا ابن عباس في يوم ذي ردغ، فأمر المؤذن لما بلغ حي على الصلاة، قال: قل: «الصلاة في الرحال» ، فنظر بعضهم إلى بعض، فكأنهم أنكروا، فقال: كأنكم أنكرتم هذا، «إن هذا فعله من هو خير مني» ، - يعني النبي صلى الله عليه وسلم - إنها عزمة، وإني كرهت أن أحرجكم "
এক বৃষ্টির দিনে ইবনে আব্বাস (রাযি.) আমাদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। মুয়াযযিন যখন حَىَّ عَلَى الصَّلاَةِ পর্যন্ত পৌছলো, তখন তিনি তাঁকে বললেন, ঘোষণা করে দাও যে, নামায যার যার আবাসে। এ শুনে লোকেরা একে অন্যের দিকে তাকাতে লাগল — যেন তারা বিষয়টিকে অপছন্দ করল। তিনি তাদের লক্ষ্য করে বললেন, মনে হয় তোমরা বিষয়টি অপছন্দ করছ। তবে, আমার চেয়ে যিনি উত্তম ছিলেন অর্থাৎ রাসূলুল্লাহ ﷺ তিনিই এরূপ করেছেন। একথা সত্য যে, জুম'আর নামায ওয়াজিব। তবে তোমাদের অসুবিধায় ফেলা আমি পছন্দ করি না। সহীহ বুখারী, হদীস নং: ৬৬৮, সহীহ মুসলিম, হাদীস নং: ৬৯৭; ব্যাখ্যাসহ হাদীস জানতে ক্লিক করুন।
أن النبي صلى الله عليه وسلم كان في غزاة فقال " إن أقواما بالمدينة خلفنا، ما سلكنا شعبا ولا واديا إلا وهم معنا فيه، حبسهم العذر
নবী ﷺ এক যুদ্ধে ছিলেন, তখন তিনি বললেন, কিছু লোক মদীনায় আমাদের পেছনে রয়েছে। আমরা কোন ঘাঁটি বা কোন উপত্যকায় চলিনি, কিন্তু তারাও এতে আমাদের সঙ্গে আছে। ওযরই তাদের বাধা দিয়েছে। সহীহ বুখারী, হাদীস নং: ২৮৩৮; সহীহ মুসলিম, হাদীস নং: ১৯১১; ব্যাখ্যাসহ হাদীস জানতে ক্লিক করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন