ওয়ালপেপারে অস্পষ্ট ছবির ব্যবহার
প্রশ্নঃ ১৭৩২৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফোনের ওয়ালপেপার হিসেবে একটি ইমেজ আমি নির্বাচন করেছি। সেই ইমেজে একটি দৃশ্য আছে। সেখানে দুটি পাখির মতো আছে। যারা দৃশ্য সম্পর্কে ভালো বোঝে অথবা আগে থেকে দেখেছে ওরা বলতে পারবে এখানে পাখি আছে। অন্যরা বলতে পারবে না। এখন ওই ওয়ালপেপার কি আমি ব্যবহার করতে পারব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনার বর্ণনা অনুযায়ী, ওয়ালপেপারে দুটি পাখির অবয়ব বাস্তবেই রয়েছে; কিন্তু সাধারণভাবে তাকালে তা বোঝা যায় না। বিশেষভাবে লক্ষ্য করলে অথবা আগে থেকে জানা থাকলে পাখির আকৃতি শনাক্ত করা যায়।
ফিকহে হানাফিতে এ ধরনের অস্পষ্ট ছবির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে। যা ইমাম ইবনে আবেদীন শামী (রহ.) তার রদ্দুল মুহতার নামক গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি বলেন—
(أَوْ كَانَتْ صَغِيرَةً) لَا تَتَبَيَّنُ تَفَاصِيلُ أَعْضَائِهَا لِلنَّاظِرِ قَائِمًا وَهِيَ عَلَى الْأَرْضِ، ذَكَرَهُ الْحَلَبِيُّ (أَوْ مَقْطُوعَةَ الرَّأْسِ أَوْ الْوَجْهِ)
অথবা ছবিটি ছোট হয়, যার অঙ্গ-প্রত্যঙ্গের বিবরণ মাটিতে থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা দর্শকের কাছে স্পষ্ট হয় না।
এরপর তিনি লিখেছেন:
(قَوْلُهُ لَا تَتَبَيَّنُ إلَخْ) هَذَا أَضْبَطُ مِمَّا فِي الْقُهُسْتَانِيِّ حَيْثُ قَالَ بِحَيْثُ لَا تَبْدُو لِلنَّاظِرِ إلَّا بِتَبَصُّرٍ بَلِيغٍ كَمَا فِي الْكَرْمَانِيِّ، أَوْ لَا تَبْدُو لَهُ مِنْ بَعِيدٍ كَمَا فِي الْمُحِيطِ ثُمَّ قَالَ: لَكِنَّ فِي الْخِزَانَةِ: إنْ كَانَتْ الصُّورَةُ مِقْدَارَ طَيْرٍ يُكْرَهُ، وَإِنْ كَانَتْ أَصْغَرَ فَلَا
অনুবাদ: অর্থাৎ, এমনভাবে অস্পষ্ট হওয়া যে গভীরভাবে ও বিশেষ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা ছাড়া দর্শকের কাছে তা প্রকাশিত হয় না। অথবা দূর থেকে তা দৃশ্যমান হয় না।
রদ্দুল মুহতার, কিতাবুস সালাত, ১/৬৪৮–৬৪৯। (মাকতাবা শামেলা)
উপরোক্ত বর্ণনা থেকে বোঝা যায়, কোনো ছবির অবয়ব সাধারণ দৃষ্টিতে স্পষ্ট না হলে এবং তা শনাক্ত করতে বিশেষ মনোযোগ ও গভীর পর্যবেক্ষণের প্রয়োজন হলে, সে ধরনের ছবির ক্ষেত্রে ছাড় রয়েছে। সুতরাং প্রশ্নে বর্ণিত ওয়ালপেপারে পাখির অবয়ব থাকলেও যদি তা সাধারণ দৃষ্টিতে বোঝা না যায় এবং কেবল বিশেষভাবে পর্যবেক্ষণ করলে শনাক্ত করা যায়, তাহলে তা ব্যবহারের অবকাশ রয়েছে। তবে অনর্থক এজাতীয় ছবির ব্যবহার থেকেও দূরে থাকা উচিত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন