পূজা, গান-বাজনার অনুষ্ঠানে ডেকোরেটর সামগ্রী ভাড়া দেওয়া ও এর উপার্জনের শরয়ী বিধান
প্রশ্নঃ ১৭৩৪৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার কাকার ডেকোরেটরের দোকান আছে, উনি বিভিন্ন অনুষ্ঠানে জিনিসপত্র ভাড়া দিয়ে থাকেন। যেমন : বিয়েতে গেইট,প্যান্ডেল, লাইটিং করা , গায়ে হলুদের স্টেজ সাজানো,ওয়াজ মাহফিল গানের প্যান্ডেল, লাইটিং করা, মৃত ব্যক্তির নামে তিন দিন চল্লিশার প্যান্ডেল করা, হিন্দুদের পূজায় গেইট,লাইটিং করা , সাউন্ড বক্স ভাড়া দেওয়া, ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে জিনিসপত্র ভাড়া দিয়ে থাকেন। দোকানে সাউন্ড বক্স আছে যা বিভিন্ন বিয়েতে ভাড়া দেওয়া হয়। *এখন প্রশ্ন হল, এই দোকান থেকে উপার্জন করা টাকা হালাল হবে কিনা? *আর আমি কাকার দোকানে কাজ করি, এখান থেকে আমার উপার্জন করা টাকা হালাল হবে কিনা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ডেকোরেটরের দোকানে গেইট, প্যান্ডেল, স্টেজ, লাইটিং, চেয়ার-টেবিল ইত্যাদি সাধারণ সামগ্রী ভাড়া দেওয়া মূলত জায়েয। এগুলো বিয়ে, ওয়াজ মাহফিলসহ বিভিন্ন বৈধ কাজে ব্যবহার করা যায়। তাই এসব সামগ্রী ভাড়া দিয়ে অর্জিত উপার্জন মূলত হালাল। অনুষ্ঠানে ভাড়াগ্রহীতা কোনো গুনাহের কাজ করলে তার দায় তার নিজের ওপর থাকবে।
তবে কোনো সামগ্রী যদি সরাসরি হারাম কাজ সম্পাদনের জন্য ভাড়া দেওয়া হয়। যেমন, গান-বাজনার অনুষ্ঠান করার জন্য সাউন্ডবক্স, মাইক ইত্যাদি দেওয়া এবং সেই অনুষ্ঠানে সেগুলো পরিচালনা করা ইত্যাদি, তাহলে তা গুনাহের কাজে সহযোগিতা হিসেবে নাজায়েয।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন,
وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الْعِقَابِ
অর্থ : তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন।
[সূরা আল মায়িদাহ, আয়াত নং ২]
(আয়াতের লিংক : https://muslimbangla.com/sura/5/tafsir/2)
হাদীসে এসেছে,
وَإِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ أَكْلَ شَىْءٍ حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ
অর্থ : আর আল্লাহ যখন কোনো কওমের জন্য কোনো জিনিস ভক্ষণ করাকে হারাম করেন, তখন তাদের জন্য তার মূল্য গ্রহণ ও ভক্ষণ করা হারাম হয়ে যায়।
[সুনানে আবু দাউদ, হাদীস নং ৩৪৮৮]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/17799)
সুতরাং হিন্দুদের পূজার জন্য গেইট, লাইটিং, প্যান্ডেল ইত্যাদি ভাড়া দেওয়া জায়েয হবে না। এর থেকে উপার্জনও হালাল হবে না।
অনুরূপভাবে গানের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল, মাইক, সাউন্ড বক্স ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া জায়েয হবে না। এ থেকে আসা অর্থও হালাল হবে না।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
وَمِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ ٭ۖ وَّیَتَّخِذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ
অর্থ : কতক মানুষ এমন, যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য খরিদ করে এমন সব কথা, যা আল্লাহ সম্পর্কে উদাসীন করে দেয় এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি।
[সূরা লুকমান, আয়াত নং ৬]
(আয়াতের লিংক : https://muslimbangla.com/sura/31/tafsir/6)
আর মৃত ব্যক্তির নামে প্রচলিত তিন দিন বা চল্লিশার অনুষ্ঠানের প্যান্ডেল ভাড়া দেওয়ার ক্ষেত্রেও অনুষ্ঠানে কী করা হচ্ছে তা দেখতে হবে। শুধু প্যান্ডেল বা চেয়ার-টেবিলের মতো সাধারণ সামগ্রী ভাড়া দেওয়ার কারণে উপার্জন হারাম হয়ে যাবে, এ কথা সরাসরি বলা যাবে না। তবে যদি জানা থাকে যে সেখানে শরিয়তবিরোধী কোনো কাজ হবে এবং সেই কাজেই সরাসরি সহযোগিতা করা হচ্ছে, তাহলে তা থেকে বিরত থাকা উচিত।
ডেকোরেটরের মাল যেহেতু বৈধ বা ভালো কাজেও ব্যবহার হয়, তাই আপনার চাচার সব ইনকাম হারাম নয়। বৈধ কাজে গেইট, প্যান্ডেল, লাইটিং, স্টেজ, চেয়ার-টেবিল ইত্যাদি ভাড়া দিয়ে অর্জিত টাকা হালাল এবং আপনার বেতনও হালাল হিসেবে গণ্য হবে। তবে যদি আপনাকে সরাসরি হারাম কাজে সহযোগিতা করা বা পরিচালনা করার দায়িত্ব পালন করতে হয়, তাহলে আপনার সেই বেতন হালাল হবে না। এ জাতীয় কাজ পরিহার করা আবশ্যক।
অতএব, আপনি আপনার চাচাকে বুঝান যাতে তিনি হারাম বা অবৈধ ক্ষেত্রে ডেকোরেটরের সামগ্রী ভাড়া না দেন। যদি কোনোভাবে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনা সম্ভব না হয় এবং আপনাকেও এ জাতীয় অবৈধ কাজে যুক্ত হতে হয়, তাহলে আপনি অন্য কোনো হালাল কাজ খুঁজে নিয়ে যত দ্রুত সম্ভব এ দোকানের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করুন।
দুআ করি, আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বেঁচে থেকে গুনাহমুক্ত জীবন যাপন করার এবং হালাল ইনকাম করার তৌফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন