জুলুমকারী আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখার বিধান
প্রশ্নঃ ১৭৪৬৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচার সাথে দীর্ঘ ঝামেলা। ১.দাদার সম্পত্তি একা ভোগ করেছেন, হক দেননি। ২.আমাদের না জানিয়ে গোপনে সম্পত্তি বিক্রির চেষ্টা করায় আব্বা বাধা দেন। ৩.এতে ক্ষিপ্ত হয়ে ৩ বছর ধরে জুলুম, মারধর ও ৬ লক্ষ টাকার মিথ্যা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করেছেন। এখন তিনি আবার মিশতে চান, । শরিয়তে আমাদের করণীয় কী?
২৩ নভেম্বর, ২০২৬
৩২VC+HR৯
৬৬
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী, আপনার চাচা যদি দাদার সম্পত্তিতে অন্য ওয়ারিশদের প্রাপ্য অংশ আত্মসাৎ করে থাকেন, আপনাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে থাকেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকেন, তাহলে তাঁর এসব কর্মকাণ্ড শরিয়তসম্মত নয়। অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা এবং কারও ওপর জুলুম করা গুরুতর গুনাহ।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ
তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। (সুরা আল-বাকারা, আয়াত : ১৮৮)
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন,
مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الْأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ
যে ব্যক্তি অন্যায়ভাবে কারও এক বিঘত জমিও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। (সহিহ বুখারি: ২৪৫২; সহিহ মুসলিম: ১৬১০)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/11036
অতএব, চাচার ওপর কর্তব্য হলো, আল্লাহর কাছে তওবা করা, যাদের সম্পদ আত্মসাৎ করেছেন তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং যাদের ওপর জুলুম করেছেন তাদের কাছে ক্ষমা চাওয়া।
তবে এখানে দুটি বিষয় আলাদাভাবে বিবেচনা করতে হবে: আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়।
ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিষিদ্ধ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে।
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন,
لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। (সহিহ বুখারি: ৫৯৮৪)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/5558
অন্য হাদিসে তিনি বলেন,
لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا
প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে নয়, যে কেবল প্রতিদান দেয়; বরং প্রকৃত সম্পর্ক রক্ষাকারী সে, যার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলেও সে তা বজায় রাখে। (সহিহ বুখারি: ৫৯৯১)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/5565
সুতরাং চাচা এখন মিশতে চাইলে আপনারা তাঁর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারেন। অতীতের বিরোধ ভুলে পারিবারিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা উত্তম।
আপনার করণীয় হচ্ছে, চাচা মিশতে চাইলে আপনারা তাঁর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। সম্ভব হলে পরিবারের মুরুব্বি ও নিরপেক্ষ আলেমদের মাধ্যমে মীরাসের বিরোধ এবং মামলার বিষয়টি নিষ্পত্তি করবেন। তবে সম্পর্ক বজায় রাখার অর্থ নিজেদের ন্যায্য অধিকার ছেড়ে দেওয়া নয়। চাচার পক্ষ থেকে পুনরায় জুলুম বা ক্ষতির আশঙ্কা থাকলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারবেন। প্রয়োজনে নিজেদের অধিকার আদায়ে আইনগত আশ্রয়ও নিতে পারবেন।
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন,
لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ
মুমিন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না। (সহিহ বুখারি: ৬১৩৩; সহিহ মুসলিম: ২৯৯৮)
الجوهرۃ النیرۃ:
والغصب محرم لقوله تعالى ﴿ولا تأكلوا أموالكم بينكم بالباطل﴾ [البقرة: ١٨٨] الآية، وقال تعالى ﴿إن الذين يأكلون أموال اليتامى ظلما﴾ [النساء: ١٠] الآية، وقال - عليه الصلاة والسلام - «حرمة مال المسلم كحرمة دمه ومن غصب شبرا من أرض طوقه الله به من سبع أرضين»
(كتاب الغصب، ج: ١، ص: ٣٣٩)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন