আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬১৭
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৭. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ভালবাসল, আল্লাহর উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করল, আল্লাহর উদ্দেশ্যে দান করল এবং আল্লাহর উদ্দেশ্যে দান থেকে বিরত রইল। সে ঈমানের পূর্ণতা সাধন করল।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4617- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أحب لله وَأبْغض لله وَأعْطى لله وَمنع لله فقد اسْتكْمل الْإِيمَان

رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তি নিজের চিন্তাধারা, আবেগ অনুভূতি, কাজকর্ম এমনভাবে আল্লাহ তা'আলার অধীন করে যে, সে যখন কোন সম্পর্ক সৃষ্টি করে তখন তা সুমহান আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য করে। যখন সে সম্পর্কচ্ছেদ করে তখন তা আল্লাহ তা'আলার জন্যই করে। যখন সে কিছু দান করে তখন তা আল্লাহর জন্যই করে এবং যখন কাউকে কিছু দিতে বিরত থাকে তখন তাও আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্যই করে থাকে। অন্তরের আবেগ অনুভূতি, প্রেম-প্রীতি, হিংসা-বিদ্বেষ এবং বাহ্যিক কর্মকান্ড, দয়া-দাক্ষিণ্য সব কিছুই আল্লাহ তা'আলার সন্তুষ্টি সাধনের জন্যই করা হয়।

অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ দাসত্বের মোকাম হাসিল করতে সক্ষম হয়েছে তার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে।

আল্লাহ যা এবং যাকে ভালবাসেন, মু'মিন ব্যক্তি তা এবং তাকেই ভালবাসে। আল্লাহ্ যা এবং যাকে ঘৃণা করেন, মু'মিন ব্যক্তি তা এবং তাকেই ঘৃণা করেন। মুমিন ব্যক্তি আল্লাহর ইচ্ছা ও অনিচ্ছার সাথে নিজের ইচ্ছা ও অনিচ্ছাকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করেন। যার ঈমান যতটুকু পরিপূর্ণ তার ঈমান ততটুকু মজবুত ও সুদৃঢ়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান