মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১৩৫
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: ঔষধ হিসাবে মদ ব্যবহার করা হারাম এবং এর ঔষধ না হওয়ার বর্ণনা।
১৩৫। তারিক ইবন সুওয়াইদ হাযরামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের এলাকায় আঙ্গুর আছে। আমরা এগুলো নিংড়িয়ে (মদ হওয়ার পর) পান করি। তিনি বললেন, না (পান করো না)। আমি আবার সে কথা বললাম। তিনি বললেন, না। এরপর আমি বললাম, আমরা এটা রোগীর ঔষধ হিসাবে ব্যবহার করি। তিনি বললেন, এটা ঔষধ নয়; বরং রোগ।
(মুসলিম, আবূ দাউদ, ইবন মাজাহ)
كتاب الأشربة
باب تحريم التداوى بالخمر وبيان أنها ليست بدواء
عن طارق بن سويد الحضرمي (3) أنه قال قلت يا رسول الله إن بأرضنا أعنابا نعتصرها فنشرب منها (4) قال لا، فعاودته فقال لا، فقلت إنا نستشفي بها للمريض، فقال إن ذاك ليس شفاءاً ولكنه داء

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন প্রচ্ছন্ন ইঙ্গিতের ভিত্তিতে কিছু ইমাম ও আলেমদের অভিমত এই যে, এ হাদীসটি ঐ সময়কার, যখন মদ চূড়ান্তরূপে হারাম হওয়ার বিধান নাযিল হয়েছিল এবং রাসূলুল্লাহ (ﷺ) বিশেষ কল্যাণমূলক উদ্দেশ্যে ও প্রজ্ঞার আলোকে মদের ব্যাপারে জরুরী ভিত্তিতে চরম ও কঠোর নীতি অবলম্বন করে ছিলেন এবং এ ক্ষেত্রে এমন কিছু জিনিসও নিষেধ করে দিয়েছিলেন, যেগুলো পরবর্তীতে তিনি অনুমতি দিয়ে দেন। এ ভিত্তিতে ঐসব আলেম এ অবকাশ রয়েছে বলে মনে করেন যে, এমন কোন রোগী, যার জীবন সংঙ্কটাপন্ন, তার ব্যাপারে যদি নির্ভরযোগ্য ও অভিজ্ঞ চিকিৎসক বলেন যে, তার চিকিৎসায় মদ অপরিহার্য, তাহলে কেবল প্রয়োজন পরিমাণ মদ ব্যবহার করা যেতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান