মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ২০৬
হজ্ব অধ্যায়
মদীনা শরীফের মর্যাদা ও ভালবাসা
২০৬. হযরত আবু সাঈদ খুদরী রাযি. সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: হযরত ইব্রাহীম (আঃ) মক্কাকে 'হারাম' ঘোষণা করেছিলেন। আর আমি মদীনার দু'প্রান্তের মাঝের স্থানকে হারাম ঘোষণা করছি। এতে রক্তপাত করা যাবে না, কারো বিরুদ্ধে অস্ত্রধারণ করা যাবে না এবং পশুদের খাদ্যের প্রয়োজন ব্যতীত এর কোন গাছের পাতাও ছিঁড়া যাবে না। -মুসলিম
کتاب الحج
عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ فَجَعَلَهَا حَرَامًا ، وَّإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ حَرَامًا مَا بَيْنَ مَأْزِمَيْهَا ، أَنْ لَا يُهْرَاقَ فِيهَا دَمٌ ، وَلَا يُحْمَلَ فِيهَا سِلَاحٌ ، وَلَا يُخْبَطَ فِيهَا شَجَرَةٌ إِلَّا لِعَلْفٍ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, মদীনা তাইয়েবাও সংরক্ষিত সরকারী এলাকার মত অবশ্য সম্মানযোগ্য। সেখানে ঐ সকল কর্ম ও পদক্ষেপ নিষিদ্ধ, যা এর সম্মান ও মর্যাদার পরিপন্থী। তবে এর বিধান ঠিক সেটা নয়, যে বিধান মক্কার হারামের জন্য নির্ধারিত। স্বয়ং এ হাদীসেই এ দিকে ইঙ্গিত রয়েছে। যেমন, এখানে পশুদের খাবারের জন্য গাছের পাতা ছিঁড়ার অনুমতি দেওয়া হয়েছে, অথচ মক্কার হারামে এরও অনুমতি নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান