মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৬৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
তাওবা ও ইস্তিগফার হচ্ছে সর্বোচ্চ মকাম: তাওবা ও ইস্তিগফারের ক্ষেত্রে রাসূলুল্লাহ (স)-এর উসওয়ায়ে হাসানা
২৬৯. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ ﷺ-এর এক একটি মজলিসে গণনা করতাম, তিনি একশ' বার আল্লাহর দরবারে এরূপ ইস্তিগফার ও দু'আ করতেন:
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ
"হে আল্লাহ! আমাকে মার্জনা কর, আমার তাওবা কবুল কর, নিশ্চয়ই তুমি তাওবা কবুলকারী এবং পরম ক্ষমাশীল।"
(আহমদ, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজা)
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: إِنَّا كُنَّا لَنَعُدُّ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَجْلِسِ الْوَاحِدِ مِائَةَ مَرَّةٍ: «رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ» (رواه احمد والترمذى وابوداؤد وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা)-এর এ বর্ণনার অর্থ এটা নয় যে, রাসূলুল্লাহ ﷺ ওজীফাস্বরূপ এক এক বৈঠকে একশ'বার করে তাওবা ইস্তিগফার সূচক এ দু'আটি পাঠ করতেন, বরং তিনি যা বুঝাতে চেয়েছেন তা হলো, তিনি মজলিসে বসে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেন। আমরা সে মজলিসে হাযির থাকতাম। কথার ফাঁকে ফাঁকে তিনি বার বার আল্লাহ্ দিকে নিবিষ্ট হয়ে এ কালিমাগুলোর মাধ্যমে তাওবা ইস্তিগফারও করতে থাকতেন। আমরা নিজেদের মত তা গুণে গুণে দেখতাম, একই মজলিসে আল্লাহর দরবারে তাঁর এ ইস্তিগফার শতবার হয়ে গেছে! আল্লাহই বেহতর জানেন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৬৯ | মুসলিম বাংলা