কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩৫. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৭৯৮
আন্তর্জাতিক নং: ৩৭৯৮
শপথ ও মান্নতের অধ্যায়
এমন ব্যক্তির শপথ ও মিথ্যাকথন, যে অন্তরে তাকে শপথ ও মিথ্যাকথন মনে করে না
৩৭৯৯. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ ইবনে ইয়াযীদ (রাহঃ) ......... কায়স ইবনে আবু গারাযা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বাকী নামক স্থানে ক্রয়-বিক্রয় করতাম। আমাদেরকে বলা হতো দালাল। এক সময় রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট এসে বললেনঃ হে ব্যবসায়ীর দল! তিনি আমাদেরকে আমাদের পূর্ব নাম অপেক্ষা উত্তম নামে ডাকলেন। তিনি বললেনঃ এই ক্রয়-বিক্রয়ে শপথ ও মিথ্যা এসে যায়। অতএব তোমরা তাতে সাদ্‌কা মিলিয়ে নেবে।
(كتاب الأيمان والنذور(وفي ضمنه كتاب المزارعة
فِي الْحَلِفِ وَالْكَذِبِ لِمَنْ لَمْ يَعْتَقِدْ الْيَمِينَ بِقَلْبِهِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ الْمَلِكِ وَعَاصِمٌ وَجَامِعٌ عَنْ أَبِي وَائِلٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ قَالَ كُنَّا نَبِيعُ بِالْبَقِيعِ فَأَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنَّا نُسَمَّى السَّمَاسِرَةَ فَقَالَ يَا مَعْشَرَ التُّجَّارِ فَسَمَّانَا بِاسْمٍ هُوَ خَيْرٌ مِنْ اسْمِنَا ثُمَّ قَالَ إِنَّ هَذَا الْبَيْعَ يَحْضُرُهُ الْحَلِفُ وَالْكَذِبُ فَشُوبُوهُ بِالصَّدَقَةِ

হাদীসের ব্যাখ্যা:

ঘটনা হচ্ছে নিজের পণ্য বিক্রি ও গ্রাহককে ক্রয়ের প্রতি উৎসাহিত করার জন্য বহু ব্যবসায়ী শপথ করে থাকে, এ ছাড়া আরও এমন সব কথা বলে যা আল্লাহর নিকট অসার, অনর্থক ও অপসন্দনীয় হয়ে থাকে। এজন্য রাসূলুল্লাহ ﷺ এ বাণীতে দিকনির্দেশনা করেছেন যে, এর কাফফারা হিসাবে ব্যবসায়ীগণ সাদকাহ (অর্থাৎ আল্লাহর রাস্তায় দরিদ্র, মিসকীন ইত্যাদির খিদমত ও সাহায্যকে নিজের ব্যবসায় অন্তর্ভুক্ত করে নেবে) এটা ইনশাআল্লাহ্ সম্পদ প্রিয়তার সেই রোগের প্রতিষেধকও হবে, যা ব্যবসায়ীদের দ্বারা অপসন্দনীয় কথাবার্তা ও অসত্য কাজ করিয়ে নেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান