সোশ্যাল মিডিয়া ও সিভিতে ছবি ব্যবহারের শরয়ী বিধান
প্রশ্নঃ ১৫৬৪৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারো যদি হালাল বিজনেস থাকে । সে তার পরিচিতির জন্য এবং তার কমিউনিকেশন বাড়ার জন্য সে কি অনলাইন প্লাটফর্ম গুলোতে তার ছবি ব্যবহার করতে পারবে?।শুধু প্রোফাইল এবং কভারের কথা বলছিলাম (ফেসবুক, linkedin,হোয়াটসঅ্যাপ, ইত্যাদিতে)। 2.কোন জবের জন্য নিজের সিভি, বায়ো ডাটা, ইত্যাদিতে তার ছবি ব্যবহার করা যাবে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১) সোশ্যাল প্ল্যাটফর্মের প্রোফাইল বা কভারের ছবি ব্যবহারের হুকুম:
ডিজিটাল ছবির মাসআলায় সমকালীন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।
প্রথম মত: অনেক আলেমের মতে ডিজিটাল ছবি (তথা মোবাইল, কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসে রাখা ছবি) জায়েজ নয়।
তাঁরা সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরিফে বর্ণিত হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে থাকেন। যেমন:
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، قَالَ: كُنَّا مَعَ مَسْرُوقٍ، فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ، فَقَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ»
মুসলিম (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার মাসরুকের সাথে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসারের ঘরের আঙিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেন: আমি আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি.) থেকে শুনেছি এবং তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন যে, (কিয়ামতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায়।
(সহীহ বুখারী, হাদিস নং: ৫৯৫০; সহীহ মুসলিম, হাদিস নং: ২১০৯)
হাদীসের লিংক:
https://muslimbangla.com/hadith/5526
https://muslimbangla.com/hadith/12406
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَة، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي طَلْحَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَصَاوِيرُ»
আবু তালহা (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন: ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং ওই ঘরেও না, যে ঘরে ছবি থাকে।
(সহীহ বুখারী, হাদিস নং: ৫৯৪৯; সহীহ মুসলিম, হাদিস নং: ২১০৬)
হাদীসের লিংক:
https://muslimbangla.com/hadith/5525
https://muslimbangla.com/hadith/12385
এ সমস্ত হাদীসের আলোকে তাঁরা সব ধরনের ছবিকেই নিষেধ করেন। তবে বাস্তব প্রয়োজনের ক্ষেত্রে ছবি ব্যবহারের অবকাশ দিয়ে থাকেন। কিন্তু তাঁদের অনেকেই ব্যবসায়িক পরিচিতি ও বিশ্বস্ততা বৃদ্ধির উদ্দেশ্যে ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির প্রোফাইল ও কভারে ছবি ব্যবহারকে শরয়ী গ্রহণযোগ্য প্রয়োজন মনে করেন না। তাই এক্ষেত্রে ছবি ব্যবহার তাঁরা অপছন্দ করেন।
দ্বিতীয় মত: অন্যদিকে সমকালীন অনেক আলেমের মতে, ডিজিটাল ছবি বা ভিডিও করা বৈধ। তাঁদের মতে, মোবাইলের ছবি বা ভিডিও মূলত আয়নার প্রতিবিম্ব সংরক্ষণের মতো। এটি হাত দিয়ে স্থায়ী ছবি তৈরি বা অঙ্কন করার মতো নয়। তাঁদের বক্তব্য অনুযায়ী, হাদিসে যে ছবির ওপর কঠোর নিষেধাজ্ঞা এসেছে, তা মূলত মানুষের হাতে অঙ্কিত, কাগজের ওপর প্রিন্ট করা ছবি কিংবা মূর্তি-জাতীয় প্রতিকৃতির ব্যাপারে।
সুতরাং, এই মত অনুযায়ী আপনার হালাল ব্যবসার পরিচিতি বৃদ্ধি ও প্রফেশনাল যোগাযোগের জন্য ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির প্রোফাইল ও কভারে ছবি ব্যবহার করতে কোনো সমস্যা নেই।
২) জবের সিভি, বায়োডাটা ইত্যাদিতে ছবি ব্যবহারের হুকুম:
উপরে বর্ণিত হাদিসগুলোর আলোকে কাগজে প্রিন্টেড ছবিকে ওলামায়ে কেরাম স্বাভাবিক অবস্থায় নাজায়েজ বা হারাম বলে থাকেন। তবে বিশেষ প্রয়োজনে (যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চাকরির আবেদনপত্র ইত্যাদিতে) কাগজে প্রিন্টেড ছবি ব্যবহার করার অবকাশ দিয়ে থাকেন।
ফিকহের একটি প্রসিদ্ধ মূলনীতি হলো:
الْحَاجَةُ تَنْزِلُ مَنْزِلَةَ الضَّرُورَةِ
অর্থ: বাস্তব প্রয়োজন বা হাজত ক্ষেত্রবিশেষে জরুরি অবস্থার (অপারগতার) স্থলাভিষিক্ত হয়।
এই মূলনীতির আলোকে ফুকাহায়ে কেরাম বিশেষ প্রয়োজনে ছবি ব্যবহারের অবকাশ দিয়েছেন। তাই আপনি জবের সিভি, বায়োডাটা ইত্যাদিতে ছবি ব্যবহার করতে পারেন, এতে কোনো গুনাহ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন