অনলাইন ব্যবসায় প্রোফাইল ছবি ও পণ্যের লাইভ ভিডিওর শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৮৯৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনলাইনে ব্যবসা করার উদ্দেশ্যে ফেসবুকে ছবি ব্যবহার করা যাতে করে মানুষ ফেসবুক ব্যবহারকারীকে চিনতে পারে এবং ব্যবসায়িক পণ্য ভিডিও করে লাইভে ছেড়ে দেয়া শরীয়তে কি হুকুম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১) সোশ্যাল প্ল্যাটফর্মের প্রোফাইল বা কভারের ছবি ব্যবহারের হুকুম
ডিজিটাল ছবির মাসআলায় সমকালীন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।
প্রথম মত: অনেক আলেমের মতে ডিজিটাল ছবি, অর্থাৎ মোবাইল, কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসে রাখা ছবি—জায়েজ নয়।
তাঁরা সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরিফে বর্ণিত হাদীসগুলো দ্বারা দলিল পেশ করে থাকেন। যেমন:
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، قَالَ: كُنَّا مَعَ مَسْرُوقٍ، فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ، فَقَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ»
মুসলিম (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার মাসরুকের সাথে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসারের ঘরের আঙিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেন: আমি আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি.) থেকে শুনেছি এবং তিনি নবী ﷺ-কে বলতে শুনেছেন যে, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায়।
(সহীহ বুখারী, হাদীস নং: ৫৯৫০; সহীহ মুসলিম, হাদীস নং: ২১০৯)
হাদীসের লিংক:
https://muslimbangla.com/hadith/5526
https://muslimbangla.com/hadith/12406
আরেক হাদীসে এসেছে:
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَة، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي طَلْحَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَصَاوِيرُ»
আবু তালহা (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ বলেছেন: ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং ওই ঘরেও না, যে ঘরে ছবি থাকে।
(সহীহ বুখারী, হাদীস নং: ৫৯৪৯; সহীহ মুসলিম, হাদীস নং: ২১০৬)
হাদীসের লিংক:
https://muslimbangla.com/hadith/5525
https://muslimbangla.com/hadith/12385
এসব হাদীসের আলোকে তাঁরা ডিজিটাল ছবিকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত মনে করেন। তবে বাস্তব প্রয়োজনের ক্ষেত্রে ছবি ব্যবহারের কিছু অবকাশ দিয়ে থাকেন। কিন্তু তাঁদের অনেকের মতে, শুধু ব্যবসায়িক পরিচিতি ও বিশ্বস্ততা বৃদ্ধির উদ্দেশ্যে ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির প্রোফাইল বা কভারে নিজের ছবি ব্যবহার করা শরয়ি প্রয়োজনের পর্যায়ে পড়ে না। তাই তাঁদের মতে এ ধরনের ছবি ব্যবহার থেকে বিরত থাকা উচিত।
দ্বিতীয় মত: অন্যদিকে সমকালীন অনেক আলেমের মতে ডিজিটাল ছবি ও ভিডিও করা বৈধ। তাঁদের মতে, মোবাইলের ছবি বা ভিডিও মূলত আয়নার প্রতিবিম্ব সংরক্ষণের মতো; এটি হাতে স্থায়ীভাবে ছবি অঙ্কন বা মূর্তি তৈরির মতো নয়।
তাঁদের মতে, হাদীসে যে ছবির ওপর কঠোর নিষেধাজ্ঞা এসেছে, তা মূলত হাতে অঙ্কিত ছবি, স্থায়ীভাবে সংরক্ষিত প্রতিকৃতি বা মূর্তি-জাতীয় ছবির ক্ষেত্রে প্রযোজ্য।
সুতরাং, এ মত অনুযায়ী হালাল ব্যবসার পরিচিতি বৃদ্ধি ও প্রফেশনাল যোগাযোগের জন্য ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির প্রোফাইল ও কভারে নিজের ছবি ব্যবহার করতে কোনো সমস্যা নেই।
২) ব্যবসায়িক পণ্যের ভিডিও করে লাইভ করার হুকুম
হালাল পণ্যের প্রচার ও বিক্রির উদ্দেশ্যে পণ্যের ভিডিও তৈরি করে ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে লাইভ করা মূলত জায়েজ।
তবে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা জরুরি—
ক. সত্যবাদিতা: পণ্যের প্রকৃত বৈশিষ্ট্যই দেখানো উচিত। মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য দিয়ে ক্রেতাকে ধোঁকা দেওয়া জায়েজ নয়।
খ. হারাম বিষয় বর্জন: ভিডিও বা লাইভে অশ্লীলতা, পর্দাহীনতার অনুচিত প্রদর্শন, হারাম পণ্য বা অন্য কোনো শরিয়তবিরোধী বিষয় রাখা যাবে না।
গ. সঙ্গীত ও বাদ্যযন্ত্র: ভিডিও বা লাইভে শরিয়তবিরোধী সঙ্গীত ও বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না।
ঘ. অন্যের ছবি বা ভিডিও: অন্যের তৈরি ছবি, ভিডিও বা কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে মালিকের অধিকার বা কপিরাইট থাকলে অনুমতি নেওয়া জরুরি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন