বদঅভ্যাসের কারণে দাড়ি ছিঁড়ে ফেলার হুকুম
প্রশ্নঃ ১৬৯২৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন দ্বিনদার ব্যক্তির একটি বদ অব্যাস হলো সে দাড়ি অনেক সময় ছিড়ে ফেলে ইচ্ছা বা অনিচ্ছায় এ বদ অব্যাস হয়ে গেছে, তার সাধারণ ভাবে এক মুষ্টি দাড়ি আছে কিন্তু ছিড়ে ফেলার কারণে কিছু দাড়ি এক মুষ্টির কম, সে কি গুনাহগার হবে? একেবারে দাড়ি না রাখার গুনাহ বা ফাসেক হওয়া এটা তার ক্ষেত্রে প্রয়োগ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পুরুষের জন্য এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির কম করে কাটা, ছাঁটা বা ছেঁড়া জায়েজ নয়।
হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى
অর্থ: তোমরা গোঁফ বেশী ছোট করবে এবং দাঁড়ি বড় রাখবে।
[সহীহ বুখারী, হাদীস নং: ৫৮৯৩]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/5473)
অপর হাদীসে ইবনে ওমর (রা.) এর আমল সম্পর্কে এসেছে,
وَكَانَ ابْنُ عُمَرَ: إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ
অর্থ: ইবনে উমর (রাযিঃ) যখন হজ্জ বা উমরা করতেন, তখন তিনি তার দাঁড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু অতিরিক্ত থাকত, তা কেটে ফেলতেন।
[সহীহ বুখারী, হাদীস নং: ৫৮৯২]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/5472)
ফিকহের প্রসিদ্ধ কিতাব আদ-দুররুল মুখতার কিতাবে আছে,
يَحْرُمُ عَلَى الرَّجُلِ قَطْعُ لِحْيَتِهِ
অর্থ: পুরুষের জন্য দাড়ি কাটা হারাম।
[আদ-দুররুল মুখতার মাআ রাদ্দুল মুহতার: ৬/৪০৭]
ফাতাওয়া শামীতে আরও এসেছে,
وَأَمَّا الْأَخْذُ مِنْهَا وَهِيَ دُونَ ذَلِكَ كَمَا يَفْعَلُهُ بَعْضُ الْمَغَارِبَةِ، وَمُخَنَّثَةُ الرِّجَالِ فَلَمْ يُبِحْهُ أَحَدٌ
অর্থ: আর এক মুষ্টির কম অবস্থায় দাড়ি কাটা বা ছাঁটা যেমনটি কিছু মাগরিবি লোক ও হিজড়া সাদৃশ্য অবলম্বনকারী পুরুষেরা করে থাকে, তা কেউ বৈধ বলেননি।
[রাদ্দুল মুহতার: ২/৪১৮]
অতএব, পুরুষের জন্য এক মুষ্টির কমে দাড়ি কাটা, ছেঁড়া বা ছোট করা জায়েজ নয়।
তবে প্রশ্নে বর্ণিত ব্যক্তির ক্ষেত্রে, যদিও কোনো কারণ ছাড়া দাড়ি ছিঁড়ে এক মুষ্টির কম করা জায়েজ নয়, কিন্তু তিনি যেহেতু ইচ্ছাকৃতভাবে সুন্নতকে অবমাননা করে দাড়ি ছিঁড়ছেন না, বরং অবচেতন মনে বা অনিচ্ছাকৃত বদঅভ্যাসের কারণে ছিঁড়ে ফেলেন। তাই এ কারণে তাকে ফাসেক হিসেবে গণ্য করা হবে না।
হাদীসে এসেছে,
قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
অর্থ: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ আমার উম্মতের ভুল-বিস্মৃতি ও অনৈচ্ছিক ত্রুটি ক্ষমা করে দিয়েছেন।
[সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ২০৪৩]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/27334)
সারকথা: বদঅভ্যাসের কারণে দাড়ি ছেঁড়া উচিত নয়। তবে অনিচ্ছাকৃতভাবে এমনটি হওয়ার কারণে তাঁকে ফাসেক বলা যাবে না। তা সত্ত্বেও যত দ্রুত সম্ভব তাঁর এই বদঅভ্যাস পরিবর্তন করা আবশ্যক এবং অবচেতন মনেও এভাবে দাড়ি ছেঁড়া থেকে বিরত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন