গোরস্থানে দান করার শরয়ি বিধান
প্রশ্নঃ ১৭৫২০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গোরস্থানে ধান করা নাকি হারাম এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে উওর দিবেন জাযাক্কাল্লাহ খায়রান
২৪ নভেম্বর, ২০২৬
Bahenga
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে গোরস্থানে দান বলতে কী বোঝানো হয়েছে, তা কিছুটা অস্পষ্ট। তবে এলাকার সাধারণ ওয়াকফকৃত কবরস্থানে দান করা নিঃসন্দেহে জায়েজ; বরং প্রয়োজনের সময় সেখানে দান করা একটি সওয়াবের কাজ।
কেননা, কবরস্থান মরহুম মুসলমানদের দাফন ও মরদেহের সম্মান রক্ষার একটি গুরুত্বপূর্ণ স্থান। এর উন্নয়ন, সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সীমানাপ্রাচীর নির্মাণ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সহযোগিতা করা জনকল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত।
আল্লাহ তাআলা বলেন-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ
অর্থ: “তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।” -সুরা আল-মায়িদা, আয়াত: ২।
হাদিসে রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন-
إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ
অর্থ: “মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।” -সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১।
কবরস্থানের প্রয়োজনীয় উন্নয়ন সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত তা বলার অপেক্ষা রাখে না।
অতএব, কবরস্থানের প্রয়োজনীয় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য দান করলে দাতা সওয়াবের অধিকারী হবেন, ইনশাআল্লাহ। তবে এ ক্ষেত্রে নফল সদকার টাকা দেওয়া যাবে; যাকাতের টাকা দেওয়া যাবে না। কারণ, কবরস্থানের উন্নয়ন ও সংস্কার যাকাতের নির্ধারিত খাতের অন্তর্ভুক্ত নয়।
পক্ষান্তরে, গোরস্থান বলতে যদি কোনো বিশেষ মাজার উদ্দেশ্য হয়- যেখানে বিদআতি ও শরিয়তবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয় এবং দানের অর্থ এসব কাজে ব্যয় হয়ে থাকে, তাহলে সেখানে দান করা জায়েজ হবে না। কেননা, এখানে দানের বৈধ কোনো প্রয়োজনও নেই।
আল্লাহ তাআলা বলেন-
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থ: “তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না।” -সুরা আল-মায়িদা, আয়াত: ২।
সুতরাং, সাধারণ ওয়াকফকৃত কবরস্থানের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য দান করা হারাম নয়; বরং তা জায়েজ এবং সওয়াবের কাজ। তবে কোনো শরিয়তবিরোধী কাজে সহযোগিতার উদ্দেশ্যে বা সে কাজে ব্যয় হবে জানা থাকা সত্ত্বেও দান করা নাজায়েজ। দানের বিধান নির্ভর করবে দানের উদ্দেশ্য ও অর্থের ব্যবহারের ওপর।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন