পুরুষের পোশাকে পুঁতি বা লেস ব্যবহারের শরয়ী বিধান
প্রশ্নঃ ১৭৩৪১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পুরুষের পোশাকে পুতিযুক্ত লেস থাকলে তার বিধান কি(যে পুতিগুলো সাধারণত নারীদের পোশাকে থাকে)?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামি শরিয়তে পুরুষদের জন্য এমন পোশাক, অলংকার বা সাজসজ্জা গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, যা নারীদের সাথে খাস বা নারীদের সাজ-পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ। নারীদের মতো সাজগোজ করা বা তাদের ব্যবহৃত সুনির্দিষ্ট সৌন্দর্যবর্ধক উপাদান (যেমন পুঁতি, জরির কাজ, অতিরিক্ত চাকচিক্যময় লেস ইত্যাদি) পুরুষের পোশাকে ব্যবহার করা শরিয়তের দৃষ্টিতে নাজায়েজ ও গুনাহের কাজ।
হাদীসে এসেছে,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন:
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ
অর্থ: রাসুলুল্লাহ ﷺ পুরুষদের মধ্যে নারীদের সাদৃশ্য অবলম্বনকারীদের এবং নারীদের মধ্যে পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারীদের ওপর অভিসম্পাত করেছেন।
[সহীহ বুখারী, হাদীস নং ৫৮৮৫]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/5465)
আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) এ হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে, নারী-পুরুষের পরস্পরের সাদৃশ্য অবলম্বন করা পোশাক-পরিচ্ছদ, সাজসজ্জা, চলাফেরা ও কথাবার্তা ইত্যাদির ক্ষেত্রে হতে পারে।
(ফাতহুল বারি, কিতাবুল লিবাস, হাদিস: ৫৮৮৫-এর ব্যাখ্যা।)
অন্য হাদিসে হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে:
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْأَةِ، وَالْمَرْأَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ
অর্থ: রাসুলুল্লাহ ﷺ ওই পুরুষের ওপর লানত (অভিশাপ) করেছেন, যে নারীর পোশাক পরে এবং ওই নারীর ওপর, যে পুরুষের পোশাক পরে।
[সুনানে আবু দাউদ, হাদীস নং ৪০৯৮; সুনানে নাসায়ী, হাদীস নং ১৫৬৫]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/18401)
২. কোনটি নারীদের পোশাক বা সাজসজ্জা তা কীভাবে নির্ধারণের উপায়
কুরআন-হাদীসে পোশাকের ক্ষেত্রে মূলনীতি বর্ণনা করা হয়েছে। নারী পুরষের পোশাকের সুনির্দিষ্ট কোনো তালিকা দেওয়া নেই। তাই ফুকাহায়ে কেরামের মতে নারী পুরুষের পোশাকের মানদণ্ড হলো উরফ তথা সমাজের প্রচলন। সুতরাং যে পুঁতি, লেস আমাদের সমাজে সাধারণত নারীদের পোশাকেই দেখা যায় এবং পুরুষের পোশাকে এলে চোখে পড়ার মতো নারীসুলভ মনে হয়, তা পুরুষের জন্য পরা জায়েজ নয়।
সারকথা :
পুঁতি, লেস বা ঝালর আমাদের সমাজে সাধারণত নারীদের পোশাকেই দেখা যায় তাই তা পুরুষের পোশাকে ব্যবহার করা জায়েজ হবে না।
যে সামান্য কারুকাজ বা এমব্রয়ডারি পুরুষের জামা/পাঞ্জাবিতেও সাধারণভাবে প্রচলিত (যেমন কলার, বুক বা হাতায় এমব্রয়ডারি বা সুতার নকশা) তা নারীদের সাদৃশ্য নয়, তাই জায়েজ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন