ইয়া আল্লাহ! আপনার স্মরণ দ্বারা আমাদের হৃদয়ের তালাসমূহ খুলে দিন এবং আমাদের উপর আপনার দান পূর্ণ করুন। আমাদের প্রতি আপনার করুণা বর্ষণ করুন এবং আমাদেরকে আপনার নেক বান্দাদের মাঝে শামিল করুন।
ইয়া আল্লাহ! কাফিরদের আযাব দিন, তাদের অন্তরে ভীতি সঞ্চার করুন, তাদের মাঝে মতভেদ সৃষ্টি করুন এবং তাদের উপর আপনার আযাব-গজব নাযিল করুন। ইয়া আল্লাহ! কাফিরদের আযাব দিন তারা আহলে কিতাব হোক বা মুশরিক। (এরা তো তারা) যারা আপনার আয়াতসমূহ অস্বীকার করে, আপনার রাসূলগণকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, আপনার পথ থেকে (অন্যদের) নিবৃত্ত করে, আপনার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে আর আপনার সাথে অন্য মাবুদকে ডাকে; অথচ আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি বরকতময় এবং জালিমরা যা কিছু বলে তা থেকে বহু ঊর্ধ্বে!
ইয়া আল্লাহ! আমাকে মাফ করুন এবং মাফ করুন সকল মুমিন নর-নারী ও সকল মুসলিম নারী-পুরুষকে এবং তাদেরকে সংশোধন করুন, তাদের মাঝে সৌহার্দ সৃষ্টি করুন, তাদের হৃদয়সমূহে সম্প্রীতি দান করুন, তাদের অন্তরে ঈমান ও হিকমত দান করুন, তাদেরকে আপনার রাসূলের দীনের উপর অটল রাখুন। আপনি তাদের যে নেয়ামত দিয়েছেন, তার শোকর করার তাওফীক তাদের দান করুন, যে অঙ্গীকার তাদের কাছ থেকে নিয়েছেন, তা পূরণ করার তাওফীক দিন আর তাদেরকে আপনার ও তাদের শত্রুর উপর বিজয়ী করুন। হে সত্য মাবুদ! আপনি পবিত্র, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আমার গুনাহ মাফ করুন, আমার আমল শুদ্ধ করুন। নিশ্চয়ই আপনি যার গুনাহসমূহ ইচ্ছা মাফ করে থাকেন। আপনিই তো পরম ক্ষমাশীল, অতি দয়ালু। হে ক্ষমাকারী! আমায় ক্ষমা করুন। হে তাওবা কবুলকারী! আমার তাওবা কবুল করুন। হে পরম দয়ালু! আমার উপর দয়া করুন। হে ক্ষমাশীল! আমাকে ক্ষমা করুন। হে মেহেরবান! আমার প্রতি মেহেরবানী করুন। পরওয়ারদেগার! আমাকে তাওফীক দিন, যে নেয়ামত আমাকে দান করেছেন আমি যেন তার শোকর করতে পারি। আমাকে শক্তি দিন, আপনার ইবাদত যেন আমি উত্তমরূপে করতে পারি। পরওয়ারদেগার! আপনার কাছে প্রার্থনা করছি সকল কল্যাণ। পরওয়ারদেগার! আমার সূচনা কল্যাণের সাথে করুন, সমাপ্তিও কল্যাণের সাথে করুন। আর আমাকে অকল্যাণ থেকে রক্ষা করুন। ঐদিন (হিসাব-দিবসে) যাদের আপনি অকল্যাণ থেকে রক্ষা করবেন, নিশ্চয়ই তার প্রতি করুণাই করবেন। আর এ-ই তো পরম সাফল্য।
ইয়া আল্লাহ! সমস্ত প্রশংসা আপনার, সকল কৃতজ্ঞতা আপনার, গোটা রাজত্ব আপনার, সকল সৃষ্টি আপনার। আপনারই হাতে সকল কল্যাণ আর আপনারই দিকে প্রত্যাবর্তিত সকল বিষয়। আমি আপনার কাছে সকল কল্যাণ চাই এবং আপনার কাছে সকল অকল্যাণ থেকে পানাহ চাই।
ঐ আল্লাহর নামের (বরকতে), যিনি ছাড়া কোনো মাবুদ নেই। ইয়া আল্লাহ! আমাকে নিষ্কৃতি দিন দুঃখ ও দুশ্চিন্তা থেকে। ইয়া আল্লাহ! আপনারই প্রশংসা লয়ে ফিরি এবং আপন গুনাহ স্বীকার করি।
ইয়া আল্লাহ! মাবুদ আমার! মাবুদ ইবরাহীম, ইসহাক ও ইয়াকুবের। মাবুদ জিবরাইল, মিকাইল ও ইসরাফীলের! আপনার কাছে মিনতি, আমার ডাকে সাড়া দিন, আমি তো নিরুপায়, মজবুর। দ্বীনের বিষয়ে আমাকে রক্ষা করুন, আমি তো বিপদগ্রস্ত। আমাকে আপনার রহমত দিন, আমি তো গুনাহগার। আর আমার দরিদ্রতা দূর করুন, আমি তো অসহায়।
ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি ভিখারীর অধিকারে। নিশ্চয়ই ভিখারীর আছে আপনার উপর অধিকার। জলে-স্থলে যে দাস বা দাসীর দু‘আ আপনি কবুল করেছেন ও তাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের উত্তম প্রার্থনায় আমাদের শামিল করুন আর আমাদের উত্তম দু‘আয় তাদের শামিল করুন। আপনি আমাদের ও তাদের শান্তি দিন, আমাদের ও তাদের দু‘আসমূহ কবুল করুন, আমাদের ও তাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আমরা ঈমান এনেছি ঐ সবকিছুর উপর, যা আপনি নাযিল করেছেন আর আমরা রাসূলের অনুসরণ করেছি। সুতরাং আমাদেরও সাক্ষ্যদানকারীগণের মাঝে লিপিবদ্ধ করুন।
ইয়া আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ‘অসিলা’র মাকাম দান করুন। নির্বাচিত মানবমণ্ডলীর মাঝে তাঁকে প্রিয়পাত্র করুন, অতিউচ্চদের মাঝে তাঁর স্থান দান করুন আর নৈকট্যপ্রাপ্তদের মাঝে তাঁর নাম-যশ প্রতিষ্ঠিত করুন।
ইয়া আল্লাহ! আমাকে আপনার পক্ষ থেকে হেদায়েত নসীব করুন। আমার অন্তরে আপনার দান ও করুণা বর্ষণ করুন। আমার প্রতি আপনার করুণা পূর্ণ করুন এবং আমার উপর আপনার বরকত নাযিল করুন।
ইয়া আল্লাহ! আমি আপনার কাছে তাওফীক চাই হেদায়েতপ্রাপ্তদের মতো, আমল চাই ইয়াকীনওয়ালাদের মতো; ইখলাস চাই তাওবাকারীদের মতো; মনোবল চাই ধৈর্য্যশীলদের মতো; প্রচেষ্টা চাই খোদাভীরুদের মতো আর চাই আশিকদের প্রার্থনা, পরহেজগারদের বন্দেগী ও ইলমওয়ালাদের মারিফাত আপনার সাথে মিলিত হওয়া পর্যন্ত।
ইয়া আল্লাহ! আপনার কাছে প্রার্থনা করি আপনার ভয়, যেন আপনার নাফরমানি থেকে বিরত থাকি। এবং ফরমাবরদারির দ্বারা আপনার রেযামন্দির হক্বদার হই এবং যেন আপনার ভয়ে আপনার সমীপে খাঁটি তাওবা করি এবং আপনার প্রতি লজ্জায় আপনার পূর্ণ একনিষ্ঠ হই এবং সকল কাজে আপনার উপর ভরসা করি। আরো চাই আপনার প্রতি সুধারণা। হে আলোর স্রষ্টা! আপনি পবিত্র। ইয়া আল্লাহ! আমাদের অতর্কিত ধ্বংস কোরেন না, অকস্মাৎ পাকড়াও কোরেন না এবং কোনো হক্ব বা অসিয়ত আমাদের ভুলিয়ে দিয়েন না। (কারণ, কারো হক্ব নষ্ট করা ইসলামে কঠিন অপরাধ)।
ইয়া আল্লাহ! আমার কবরে ভীতির পরিবর্তে অন্তরঙ্গতা দিয়েন। ইয়া আল্লাহ! কুরআন-আযীমের অসিলায় আমার উপর রহম করুন এবং তাকে আমার জন্য করুন পথপ্রদর্শক ও আলো এবং হেদায়েত ও রহমত। ইয়া আল্লাহ! আমি তার যে অংশ ভুলে গেছি, তা ইয়াদ করিয়ে দিন এবং যা জানি না তা শিখিয়ে দিন। আর দিন-রাতের মুহূর্তগুলোতে তিলাওয়াতের সৌভাগ্য দিন। হে রাব্বুল আলামীন! কুরআনকে করুন আমার পক্ষে দলিল।
ইয়া আল্লাহ! আমি আপনার দাস, পুত্র আপনার দাসের, পুত্র আপনার দাসীর। আমার পূর্ণ সত্তা আপনারই কব্জায়। আপনারই কব্জায় আমি চলাফেরা করি। আপনার সাক্ষাতে বিশ্বাস করি আর আপনার প্রতিশ্রুতির উপর দৃঢ় আস্থা রাখি। আপনি আমাকে আদেশ করেছেন; কিন্তু আমি তা অমান্য করেছি। আপনি আমাকে নিষেধ করেছেন; কিন্তু আমি তা লঙ্ঘন করেছি। এখন এই যে আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয়প্রার্থীর অবস্থান। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি পবিত্র। আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া কেউ নেই গুনাহ মাফকারী।
ইয়া আল্লাহ! আপনারই জন্য সমস্ত প্রশংসা, আপনারই সমীপে সকল অভিযোগ, আপনারই দরবারে সকল ফরিয়াদ আর আপনারই কাছে সাহায্য প্রার্থনা। (গুনাহ থেকে) বাঁচা ও (নেক আমলের) শক্তি একমাত্র আল্লাহরই হাতে।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে